Last updated: October 6th, 2026 at 02:23 pm

নিউজ ডেস্ক : স্কুলের ভিতরে সম্প্রতি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনার পর পড়ুয়াদের নিরাপত্তার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিচ্ছে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ। সোমবার অভিভাবকদের সঙ্গে বৈঠকে পড়ুয়াদের কাউন্সেলিং, বুলিং প্রতিরোধ এবং লাইফ স্কিল শিক্ষার উপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে। স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার প্রভাব পড়ুয়াদের মনে পড়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রতি স্কুলের নবম শ্রেণির এক পড়ুয়া সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা এবং পড়ুয়াদের মানসিক অবস্থাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে অভিভাবকদের একাংশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে নিরাপত্তার পাশাপাশি পড়ুয়াদের মানসিক চাপ, আচরণগত পরিবর্তন এবং পারস্পরিক সম্পর্কের বিষয়গুলিও গুরুত্ব পায়।
স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন অনুযায়ী পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। এর জন্য বাইরের পেশাদার মনোবিদদের সাহায্য নেওয়ার পরিকল্পনাও রয়েছে। স্কুলে ইতিমধ্যেই দু’জন কাউন্সেলর এবং এক জন স্পেশাল এডুকেটর রয়েছেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আরও বিস্তৃত ভাবে পড়ুয়াদের সঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুধু পড়ুয়া নয়, শিক্ষকদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পড়ুয়াদের আচরণে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করা এবং তাঁদের সঙ্গে আরও সংবেদনশীল ভাবে যোগাযোগ করার বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। কোনও সমস্যা বা উদ্বেগের কথা যাতে পড়ুয়ারা নির্দ্বিধায় শিক্ষক কিংবা স্কুল কর্তৃপক্ষকে জানাতে পারে, সেই পরিবেশ তৈরির উপরও জোর দেওয়া হচ্ছে।
বুলিং নিয়েও কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের কাছ থেকে আসা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। স্কুলের কোন কোন জায়গায় বুলিং বা অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা ঘটতে পারে, তা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এ ধরনের ঘটনায় কোনও রকম আপস করা হবে না বলে স্কুলের তরফে জানানো হয়েছে।
এর পাশাপাশি পড়ুয়াদের মধ্যে জীবনদক্ষতা বা ‘লাইফ স্কিল’ বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ক্যাম্পাসে লাইফ স্কিল ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে পড়ুয়াদের মানসিক চাপ সামলানো, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং বিভিন্ন সামাজিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুলের প্রতিটি তলায় নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্কুলের বাইরের রাস্তায় নজরদারির জন্য স্থানীয় পুলিশের সাহায্য নেওয়া হবে। সাধারণ পোশাকের পুলিশকর্মী এবং স্কুলের নিজস্ব ম্যানেজমেন্ট টিম যৌথ ভাবে স্কুলের আশপাশে নজর রাখবে বলে জানানো হয়েছে।
অভিভাবকদের একাংশ স্কুলের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিরাপত্তার পাশাপাশি পড়ুয়াদের মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া জরুরি। সাম্প্রতিক ঘটনার পর সাউথ পয়েন্টের এই পদক্ষেপগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর অভিভাবক ও পড়ুয়াদের।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments