নিউজ ডেস্ক: ভারত ও ক্যানাডার মধ্যে প্রস্তাবিত Comprehensive Economic Partnership Agreement (CEPA) নিয়ে পঞ্চম দফার আলোচনা শুরু হয়েছে। সোমবার, ৫ অক্টোবর ওটাওয়ায় শুরু হওয়া এই বৈঠক চলবে ৯ অক্টোবর পর্যন্ত। দুই দেশই দ্রুত আলোচনায় অগ্রগতি এনে চলতি বছরের শেষের মধ্যে বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত করতে চাইছে।
দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও মজবুত করাই এই আলোচনার মূল লক্ষ্য। CEPA কার্যকর হলে পণ্য ও পরিষেবার বাণিজ্যে একাধিক ক্ষেত্রে শুল্ক কমানো বা বাণিজ্যিক বাধা সরানোর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি বিনিয়োগ, বাজারে প্রবেশাধিকার এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্র নিয়েও আলোচনা হওয়ার কথা।
এর আগে চতুর্থ দফার আলোচনা নয়াদিল্লিতে হয়েছিল। সেই পর্ব শেষ হয় ১৮ সেপ্টেম্বর। পঞ্চম দফার আগে দুই দেশের আধিকারিকরা আলোচনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর দিয়েছেন। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও জানিয়েছিলেন, পরবর্তী কয়েক মাস ভারত-ক্যানাডা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে যোগাযোগ বেড়েছে। সেপ্টেম্বরের শুরুতে ভারত ও ক্যানাডার বিদেশ দফতরের আধিকারিকদের মধ্যে বৈঠকে বাণিজ্য ছাড়াও জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কনস্যুলার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। দুই দেশই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
ভারত-ক্যানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০৩০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্যকে প্রায় ৭০ বিলিয়ন কানাডিয়ান ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যে CEPA-কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অতীতে কূটনৈতিক টানাপড়েনের কারণে ভারত-ক্যানাডা বাণিজ্য আলোচনা একাধিকবার ধাক্কা খেয়েছে। ২০২৩ সালে তৎকালীন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হরদীপ সিংহ নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল। পরে ২০২৫ সালের নভেম্বরে ফের আনুষ্ঠানিক ভাবে বাণিজ্য আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয় দুই দেশ।
এখন নজর ওটাওয়ারের পঞ্চম দফার আলোচনার দিকে। চলতি পর্বে কতটা অগ্রগতি হয় এবং বছরের শেষে CEPA চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশ কতটা এগোতে পারে, সেটাই দেখার।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments