Homeকলকাতাহাওড়া আদালতের সামনে আইনজীবীদের বিক্ষোভ, হামলার প্রতিবাদে মহাত্মা গান্ধী রোড অবরোধ

হাওড়া আদালতের সামনে আইনজীবীদের বিক্ষোভ, হামলার প্রতিবাদে মহাত্মা গান্ধী রোড অবরোধ

images (18)

নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে পথে নামলেন হাওড়া আদালতের আইনজীবীরা। শনিবার হাওড়া ময়দান এলাকায় হাওড়া আদালতের সামনে মহাত্মা গান্ধী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি দিনভর কর্মবিরতিও পালন করেন আইনজীবীরা। তাঁদের মূল দাবি, আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলার ঘটনায় জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে।

আইনজীবীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক আদালতে তাঁদের উপর হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। বারুইপুর আদালতে কলকাতা হাই কোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া এবং হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই আইনজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিষয়টি কলকাতা হাই কোর্টেরও নজরে এসেছে এবং বারুইপুরের পুলিশ সুপার ও জেলা জজের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

এর পাশাপাশি গত ১ অক্টোবর ব্যাঙ্কশাল আদালতে এক ইউটিউবার অভিযুক্তকে আদালতে পেশ করার সময় আইনজীবীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ও হেনস্থার অভিযোগ ওঠে। আইনজীবীদের দাবি, ওই ঘটনায় মহিলা আইনজীবীরাও আক্রান্ত হন। একটি ঘটনায় গ্রেফতার হলেও বাকি অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ তাঁদের। সেই কারণেই অবিলম্বে সমস্ত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

শনিবারের কর্মসূচিতে হাওড়া আদালতের আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তার অভাব কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আদালত চত্বরে যাতে কোনও বহিরাগত ঢুকে আইনজীবীদের উপর হামলা বা হেনস্থা করতে না পারে, তার জন্য আরও কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলা হয়েছে।

এদিন প্রায় ২০ মিনিট ধরে মহাত্মা গান্ধী রোডে অবরোধ চলে। হাওড়া ময়দান শহরের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় অবরোধের জেরে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। বাস-সহ একাধিক যানবাহন রাস্তায় আটকে যায়। পরে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

শুধু অবরোধ নয়, এদিন হাওড়া আদালতে আইনজীবীরা কর্মবিরতিও পালন করেন। নতুন করে কোনও মামলা ফাইল না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আদালতের স্বাভাবিক কাজকর্মেও প্রভাব পড়ে। আইনজীবীদের বক্তব্য, প্রতিবাদ তাঁদের উদ্দেশ্য নয়; কিন্তু পেশাগত নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠলে আন্দোলনের পথেই যেতে হবে।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য মিহির বন্দ্যোপাধ্যায় জানান, শিয়ালদহ ও ব্যাঙ্কশাল আদালতেও কর্মবিরতি চলছে। আইনজীবীদের উপর হামলা বন্ধ না হলে আগামী দিনে রাজ্যের আরও আদালতে এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বলে তিনি জানান।

আইনজীবীদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হল ‘লইয়ার্স সিকিউরিটি প্রোটেকশন অ্যাক্ট’ চালু করা। তাঁদের মতে, আইনজীবীদের নিরাপত্তার জন্য নির্দিষ্ট আইন থাকলে আদালত চত্বরে হামলার মতো ঘটনা নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved