Last updated: August 9th, 2026 at 06:50 am

নিউজ ডেস্ক:স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২১ জনের। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি ট্রেনের চালকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালালেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল একটি হাই-স্পিড ট্রেন। কর্ডোবা শহরের কাছে আচমকাই সেটি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ঢুকে পড়ে। ঠিক সেই সময় উল্টোদিক থেকে মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি দ্রুতগামী ট্রেন। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ।
দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্গম ও নির্জন এলাকা হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও রেড ক্রসের কর্মীরা।
ইউরো নিউজ সূত্রে খবর, ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কর্ডোবার অগ্নিনির্বাপণ প্রধান ফ্রান্সিসকো কারমোনা বলেন, “জীবিত মানুষদের কাছে পৌঁছনোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে মৃতদেহ সরিয়ে এগোতে হচ্ছে। এটা একেবারে দুঃস্বপ্নের মতো।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ শোকবার্তায় বলেছেন, “এই রাত স্পেনের কাছে গভীর বেদনার রাত।” মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments