Homeদেশবুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান
IMG-20260808-WA0040

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই কোরিয়ার ঐতিহ্যবাহী ‘বেক্সকো কনভেনশন সেন্টার’-এ আয়োজিত এই মেগা আন্তর্জাতিক সম্মেলনের যৌথ উদ্যোক্তা ছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার (UNESCO World Heritage Centre), আইসিসিআরওএম (ICCROM) এবং আইইউসিএন (IUCN)।

Table of Contents

    ‎বিশ্বজুড়ে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ ও তার টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১২৫টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। ভারতের অন্যতম প্রধান ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে’-র পরিচালক হিসেবে আমন্ত্রিত ছিলেন ঋষভ চৌধুরী। সম্মেলনে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন সাইট ম্যানেজারদের মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং হেরিটেজ সম্পদগুলির সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী পাহাড়ি ঐতিহ্যবাহী রেলের সংরক্ষণ, স্থানীয় মানুষদের সম্পৃক্ততা এবং পরিবেশবান্ধব পর্যটন প্রসারের অভিজ্ঞতা বিশ্বমঞ্চে তুলে ধরেন। এমনকি দার্জিলিং পাহাড়ের নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পোশাক পরে তিনি সম্মেলনে অংশ নেন, যা আন্তর্জাতিক দরবারে পাহাড়ের অনন্য সংস্কৃতিকে মেলে ধরে। আলোচনা সভায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত ঐতিহ্যবাহী রেলপথগুলিকে এক ছাতার তলায় এনে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠনের প্রস্তাব উঠে আসে, যা অধিকাংশ দেশের প্রতিনিধিরা সমর্থন জানিয়েছেন।

    সপ্তাহব্যাপী সফর ও আন্তর্জাতিক সম্মেলন শেষে আগামী ২৫ জুলাই ভারতে ফিরে আসবেন ডিএইচআর ডিরেক্টর। তিনি জানান, বুসান সম্মেলনের এই বৈশ্বিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে আগামী দিনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সংরক্ষণ ও পরিচালন ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

    No Comments

    তাজা খবর