Homeকলকাতাপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

IMG-20260808-WA0037

নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম তারকেশ্বর গোন্দ। তিনি পেশায় স্থানীয় টেক্সম্যাকো কারখানার কর্মী। বেলঘরিয়া এলাকায় বর্তমানে ভাড়া বাড়িতে থাকলেও তাঁর মূল বাড়ি বিহারে। অভিযুক্তকে গ্রেফতারের পর বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেশের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে অত্যন্ত কুরুচিকর পোস্ট ও মন্তব্য করে আসছিলেন। বিষয়টি নজরে আসতেই সোচ্চার হন বেলঘরিয়ার প্রখ্যাত আইনজীবী তথা বিজেপি নেতা সুদীপ্ত রায়। তিনি এ বিষয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণ দিয়ে বিজেপি নেতা সুদীপ্ত রায় জানান, “সামাজিক মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো সাংবিধানিক পদের ব্যক্তিদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষা ও গালিগালাজ প্রয়োগ করা হয়েছে, তা কোনো সুস্থ রুচির মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমরা লিখিত অভিযোগ জানিয়েছিলাম, পুলিশ উপযুক্ত ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।” ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা উসকানি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved