Last updated: September 17th, 2026 at 07:01 pm

নিউজ ডেস্ক: ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ ঘিরে মামলায় বড় রায় কলকাতা হাই কোর্টের। দমকল বিভাগের দেওয়া ওই নোটিস খারিজ করে দিয়েছে আদালত। তবে একই সঙ্গে নতুন করে দমকলকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে নোটিস দিয়ে অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত সেপ্টেম্বরের শুরুতে। ৯, ক্যামাক স্ট্রিটের বহুতলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিদর্শনের পর দমকল বিভাগ কিছু গরমিলের কথা জানায়। এরপর সপ্তম ও অষ্টম তলা-সহ ভবনের নির্দিষ্ট অংশ খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
দমকলের নোটিসে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং ফায়ার সেফটি সংক্রান্ত অনুমতির মেয়াদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। এর আগে ১১ সেপ্টেম্বর আদালত দমকলের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল।
বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ মামলাটির শুনানিতে দমকলের আগের নোটিসটি খারিজ করে দেয়। আদালতের বক্তব্য অনুযায়ী, নোটিসটি ভবনের মালিককে পাঠানো হয়েছিল, অথচ সংশ্লিষ্ট জায়গাটি তৃণমূল কংগ্রেসের দফতর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এবার সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে যথাযথ ভাবে নোটিস দিতে হবে।
এরপর নতুন করে পরিদর্শন করবে দমকল বিভাগ। অগ্নিসুরক্ষার ক্ষেত্রে কোনও ঘাটতি পাওয়া গেলে তা সংশ্লিষ্ট পক্ষকে জানাতে হবে এবং নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে হবে—আদালতের নির্দেশের মূল বিষয় এটিই।
অর্থাৎ, এই মুহূর্তে আগের নোটিস অনুযায়ী অফিস খালি করার নির্দেশ কার্যকর থাকছে না। তবে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিষয়টি পুরোপুরি শেষ হয়ে যায়নি। নতুন নোটিস, পরিদর্শন এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকেই এখন নজর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments