Homeদেশপেট্রোলে ভেজাল ও জল মেশানোর চাঞ্চল্যকর অভিযোগ! দেশজুড়ে ২,৫৭৩টি পাম্পে পেট্রোল বিক্রি বন্ধ করল কেন্দ্র

পেট্রোলে ভেজাল ও জল মেশানোর চাঞ্চল্যকর অভিযোগ! দেশজুড়ে ২,৫৭৩টি পাম্পে পেট্রোল বিক্রি বন্ধ করল কেন্দ্র

নিউজ ডেস্ক: পেট্রোলের গুণমান এবং জ্বালানিতে জল মেশানোর মতো বিস্ফোরক অভিযোগের পর দেশজুড়ে নজিরবিহীন কোয়ালিটি-কন্ট্রোল অভিযানে নামল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রক
resizeplus_6d4ffc46-38e3-4c79-8c0b-90df59f064b9

নিউজ ডেস্ক: পেট্রোলের গুণমান এবং জ্বালানিতে জল মেশানোর মতো বিস্ফোরক অভিযোগের পর দেশজুড়ে নজিরবিহীন কোয়ালিটি-কন্ট্রোল অভিযানে নামল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির (OMCs) যৌথ ভিজিল্যান্স অডিটের পর সারাদেশের মোট ২,৫৭৩টি রিটেল ফুয়েল আউটলেটে বা পেট্রোল পাম্পে পেট্রোল বিক্রি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পেট্রোলে নির্ধারিত মান না থাকা, ভূগর্ভস্থ ট্যাঙ্কে জল প্রবেশ এবং প্রযুক্তিগত ত্রুটির কারণেই সরকারি তেল সংস্থাগুলি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় এই বিশেষ অভিযানের আওতায় এসেছে দেশের তিনটি প্রধান সরকারি তেল বিপণন সংস্থা:

  • ইন্ডিয়ান অয়েল (IOCL): ১,২৫৭টি পাম্পে বিক্রি বন্ধ
  • হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL): ৯১৫টি পাম্পে বিক্রি বন্ধ
  • ভারত পেট্রোলিয়াম (BPCL): ৪০১টি পাম্পে বিক্রি বন্ধ

কেন এত বড় সিদ্ধান্ত? সম্প্রতি দেশে ই২০ (E20 — ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল) চালুর পর থেকেই বিভিন্ন প্রান্তে জ্বালানিতে জল এবং ক্লোরাইড দূষণের অভিযোগ উঠছিল। এর ফলে গাড়ির পারফর্ম্যান্স কমে যাওয়া, ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে যাওয়া কিংবা ফিউয়েল ইনজেক্টর ও ফিউয়েল পাম্প বিকল হওয়ার মতো একাধিক সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বহু গাড়িচালক ও বাইকার। এরপরই পেট্রোলিয়াম মন্ত্রক পুরো সরবরাহ শৃঙ্খলে (Supply Chain) নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেয়।

৮৯ হাজার পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে স্ক্যানিং: এই অভিযানের সবচেয়ে বড় দিক হলো পেট্রোল পাম্পগুলির ভূগর্ভস্থ তেলের ট্যাঙ্কে (Underground Storage Tank) জল ঢুকছে কি না তা খতিয়ে দেখা। প্রায় ৮৯,০০০ রিটেল আউটলেটে ‘ওয়াটার-ইনগ্রেস টেস্টিং’ (water-ingress testing) চালানো হচ্ছে। বহু পাম্পে প্রতিদিন দিনে ৮ থেকে ১২ বার পর্যন্ত ট্যাঙ্ক পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও ৮৫ হাজারেরও বেশি পাম্পে অটোমেটেড মনিটরিং সিস্টেম ও ওয়াটার probe বসানো হয়েছে, যাতে ট্যাঙ্কে সামান্যতম জল বা ভেজাল মিশলেই সেন্সরের মাধ্যমে সঙ্কেত পাওয়া যায়।

অডিট চলাকালীন দেখা গেছে, যে সমস্ত পাম্পে পেট্রোল বিক্রি বন্ধ রাখা হয়েছে, তার প্রতিটিতেই যে ভেজাল পেট্রোল মেলেনি— এমনটা নয়। অনেক ক্ষেত্রে স্টোরেজ ট্যাঙ্কের ত্রুটি, মনিটরিং ইক্যুইপমেন্ট অকেজো থাকা কিংবা অন্যান্য প্রযুক্তিগত বিধি লঙ্ঘন (Non-compliance) করার কারণেও বিক্রি স্থগিত রাখা হয়েছে।

শুধুমাত্র খুচরো বিক্রয় কেন্দ্র বা পাম্প নয়, ইথানল বহনকারী ট্যাঙ্কার, স্টোরেজ ডিপো ও টার্মিনালগুলিতেও হাজার হাজার সালফার ও ক্লোরাইড পরীক্ষা চালিয়ে তেলের বিশ্বস্ততা নিশ্চিত করছে কেন্দ্র। দেশে ই২০ পেট্রোলের গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং উপভোক্তাদের ইঞ্জিনের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই মেগা অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved