Last updated: August 29th, 2026 at 11:06 am

নিউজ ডেস্ক: পুরনো শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এক যুবককে নৃশংস ভাবে খুনের ঘটনায় অবশেষে বিচার মিলল। দীর্ঘ ১১ বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার অবসান ঘটিয়ে অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার মামলার শুনানি শেষে সাজাপ্রাপ্ত রুনাস দর্জিকে এই কঠিন দণ্ড দেন বিচারক।
আদালত সূত্রে খবর, নিহত যুবকের নাম ছিল প্রেমচাঁদ লোহার (২১)। তিনি বানারহাট থানার অন্তর্গত চামুর্চি ফরেস্ট বস্তি এলাকার বাসিন্দা ছিলেন। ২০১৫ সালের ১৫ অক্টোবর পুরনো বিবাদের জেরে প্রেমচাঁদের উপর আচমকাই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রুনাস। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার পরেই বানারহাট থানায় এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছিল পুলিশ।
মামলার সরকারি আইনজীবী তপন ভট্টাচার্য জানান, জলপাইগুড়ি জেলা আদালতে বিচার চলাকালীন মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ১ আগস্ট চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ছ’মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে দোষীকে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর বিচারকের এই রায়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments