Last updated: August 28th, 2026 at 06:19 pm

নিউজ ডেস্ক: নিছক কলা, বিজ্ঞান কিংবা বাণিজ্যে সাধারণ স্নাতক ডিগ্রির জোরে আজ আর কাজের বাজার মিলছে না। ফলে চাকরিপ্রার্থীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়াচ্ছে সরকারি ক্ষেত্র। কিন্তু চাহিদার তুলনায় জোগানের এই মারাত্মক ভারসাম্যহীনতা দেশের কর্মসংস্থান নিয়ে এক আশঙ্কাজনক ছবি তুলে ধরল। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই— মাত্র ৮ মাসের ব্যবধানে সরকারি সংস্থায় মাত্র ৫৫ হাজার শূন্যপদের বিজ্ঞাপনের বিপরীতে আবেদন জমা পড়েছিল প্রায় ২ কোটি!
নীতি আয়োগের ‘রিইমাজিনিং স্কিলিং ফর বিকশিত ভারত’ শীর্ষক রিপোর্ট বলছে, এই ২ কোটির বড় অংশই কেবল সাধারণ স্নাতক নন, তাঁদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক উচ্চপ্রযুক্তিগত প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও কারিগরি ডিগ্রিধারীরাও। প্রযুক্তিগত বিদ্যা থাকা সত্ত্বেও সামান্য ক্লারিকাল পদের জন্য এই তীব্র লড়াই দেশের সামগ্রিক চাকরির বাজারের কঙ্কালসার অবস্থাকেই স্পষ্ট করে দিচ্ছে।
কিন্তু এই বিপুল বেকারত্বের আসল কারণ কোথায়? নীতি আয়োগ সরাসরি আঙুল তুলেছে দেশের প্রচলিত শিক্ষাকাঠামোর দিকে। রিপোর্টে দেশের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়ে বলা হয়েছে— শিল্পসংস্থা বা চাকরির আধুনিক বাজার ঠিক কী ধরণের দক্ষতা চাইছে, আর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কী পড়ানো হচ্ছে, তার মধ্যে বিন্দুমাত্র কোনো সমন্বয় নেই। শুধু তা-ই নয়, যারা বর্তমানে চাকরি করছেন, তাঁদের সিংহভাগের অর্জিত ডিগ্রির সঙ্গে দৈনন্দিন কাজের কোনো মিল নেই। ফলে অতীত শিক্ষা যেমন মূল্যহীন হয়ে পড়ছে, তেমনই উপযুক্ত কর্মীর অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প উৎপাদন ও দেশের অর্থনীতি।
এই সংকট থেকে উত্তরণে নীতি আয়োগ শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের সুপারিশ করেছে। তাদের প্রস্তাব, প্রথাগত ডিগ্রির বদলে বিএ (হসপিটালিটি), বিএসসি (অ্যাপ্লায়েড টেকনোলজি) কিংবা বিকম (অ্যানালিটিকস)-এর মতো পুরোপুরি কর্মমুখী ও শিল্পকেন্দ্রিক পাঠ্যক্রম চালু করতে হবে। পাশাপাশি ‘আর্ন হোয়াইল লার্ন’ (পড়াশোনার পাশাপাশি উপার্জন ও প্রশিক্ষণ) মডেলকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে শিল্পসংস্থাগুলিকে সরাসরি শিক্ষা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে নীতি আয়োগ। নচেৎ কেবল সাধারণ স্নাতকের কাগজের ডিগ্রি দিয়ে ভবিষ্যতের কর্মসংস্থান নিশ্চিত করা অসম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments