Last updated: August 26th, 2026 at 05:50 pm

নিউজ ডেস্ক: কলকাতা থেকে বারাণসী যাওয়ার দীর্ঘ ও ক্লান্তিকর সড়ক সফরের দিন এবার শেষ হতে চলেছে। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ— এই চার রাজ্যকে একটি আধুনিক সংযোগসূত্রে বাঁধতে পুরোদমে কাজ চলছে ‘বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে’-র। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-র তৈরি এই মেগা হাইস্পিড ফ্রেট ও প্যাসেঞ্জার করিডরটি চালু হলে বর্তমানের ১২ থেকে ১৪ ঘণ্টার যাত্রা মাত্র ৬ ঘণ্টাতেই সম্পন্ন করা যাবে। প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাজেটের এই প্রজেক্ট শুধু সড়ক যোগাযোগে গতি আনবে না, বরং পূর্ব ভারতের শিল্পায়ন ও পণ্য পরিবহণে এক নতুন দিশা দেখাবে। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যেই এই সড়ক সম্পূর্ণ চালুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
প্রায় ৬১০ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক এক্সপ্রেসওয়েটিতে মোট ৬টি লেন থাকবে। পথটি উত্তর প্রদেশে ২২ কিমি, বিহারে ১৫৯ কিমি, ঝাড়খণ্ডে ১৮৭ কিমি এবং পশ্চিমবঙ্গে সর্বাধিক ২৪২ কিমি এলাকাজুড়ে বিস্তৃত। এই এক্সপ্রেসওয়ের সার্বিক সংযোগের ফলে বাণিজ্যিক পরিবহণে ব্যাপক জোয়ার আসবে এবং রাস্তার দু’পাশে একাধিক শিল্পাঞ্চল ও কলকারখানা গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতিতে বিপুল ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকল্পের কাজের গতিও বেশ লক্ষণীয়। ইতিমধ্যেই উত্তর প্রদেশ অংশে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে অরণ্যঞ্চলের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের ক্ষেত্রে বন দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র মেলায় কাজের জটিলতা কেটেছে। পশ্চিমবঙ্গেও পুরুলিয়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত জমি চিহ্নিতকরণ ও নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এক্সপ্রেসওয়েটির রুট ম্যাপ অত্যন্ত পরিকল্পিত। এটি উত্তর প্রদেশের চন্দৌলি জেলার বারহুলি গ্রামের কাছে বারাণসী রিং রোড থেকে যাত্রা শুরু করবে। এরপর বিহারের কাইমূর, রোহতাস, ঔরঙ্গাবাদ ও গয়া পার করে প্রবেশ করবে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ছাতরা, হাজারিবাগ, রামগড়, পেটরবার ও বোকারো জেলা অতিক্রম করে এটি বাংলায় পৌঁছাবে। পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, খানাকুল, আমতা এবং বাগনানের ওপর দিয়ে গিয়ে পরিশেষে উলুবেড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে (NH-19) সঙ্গে যুক্ত হবে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments