Last updated: October 12th, 2026 at 01:58 pm

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে কালীপুজোর পর মুম্বই সফরে যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নভি মুম্বইয়ের এক দল তরুণ শিল্পোদ্যোগী তাঁকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের কয়েক জনের সঙ্গে রবিবার কলকাতার একটি অনুষ্ঠানে বৈঠক ও আলোচনা করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী। সেখানেই বাংলায় বিনিয়োগের সম্ভাবনা, শিল্পের পরিকাঠামো এবং অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতার বিষয়গুলি উঠে আসে।
অনুষ্ঠানের ফাঁকে তাপস রায়কে পাশে নিয়ে শমীক জানান, নভি মুম্বইয়ের তরুণ শিল্পপতিদের একটি গোষ্ঠী পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী। তাঁদের অনেকেরই এই রাজ্যের সঙ্গে পারিবারিক ও শিকড়ের সম্পর্ক রয়েছে। তাঁরা বাংলায় ফিরে এসে শিল্প ও ব্যবসার প্রসার ঘটাতে চান বলে জানান শমীক। ওই গোষ্ঠীর মধ্যে এমন শিল্পোদ্যোগীও রয়েছেন, যাঁদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বড় শিল্প রয়েছে। তাঁরা নতুন বিনিয়োগকারীদেরও রাজ্যে নিয়ে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
শমীকের বক্তব্য, বাংলায় বিনিয়োগের পরিবেশ এবং অন্য রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে চান ওই শিল্পোদ্যোগীরা। সেই কারণেই শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁদের সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করে তাপস রায় কালীপুজোর পর মুম্বই যাবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।
শিল্প টানতে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রতিযোগিতা যে ক্রমশ বাড়ছে, তা স্বীকার করেছেন শমীকও। তাঁর মতে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে শুধু আগ্রহ প্রকাশ করলেই চলবে না, শিল্প স্থাপনের অনুকূল পরিবেশও তৈরি করতে হবে। জমির নীতি, সরকারি প্রণোদনা, আইনশৃঙ্খলা এবং জলের মতো প্রয়োজনীয় পরিকাঠামো— সব বিষয়েই স্পষ্ট ধারণা থাকা দরকার।
রবিবারের আলোচনায় এই বিষয়গুলিই গুরুত্ব পেয়েছে বলে জানান শমীক। তাঁর কথায়, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতা রয়েছে। তাই অন্য রাজ্যের সঙ্গে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত গন্তব্য হিসেবে তুলে ধরতে হবে।
তবে এই আলোচনা থেকে ঠিক কত টাকার বিনিয়োগ আসতে পারে, কোন কোন ক্ষেত্রে শিল্প গড়ে উঠতে পারে কিংবা কত কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও ঘোষণা হয়নি। মুম্বই সফরে শিল্পোদ্যোগীদের সঙ্গে আলোচনার পর সেই সম্ভাবনা আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
এখন নজর কালীপুজোর পর শিল্পমন্ত্রীর মুম্বই সফরের দিকে। বাংলার সঙ্গে শিকড়ের যোগ থাকা শিল্পোদ্যোগীদের আগ্রহকে বাস্তব বিনিয়োগে পরিণত করতে রাজ্য কতটা সফল হয়, সেটাই দেখার।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments