Last updated: August 25th, 2026 at 03:25 pm

নিউজ ডেস্ক : সন্ধ্যা নামলেই চিতাবাঘের আনাগোনায় আতঙ্ক বাড়ছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। জলদাপাড়া জঙ্গলের একেবারে লাগোয়া পূর্ব খয়েরবাড়ি ও মেঘনাদ সাহা নগর এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উদ্বেগ। জঙ্গল থেকে মাত্র প্রায় ৫০০ মিটার দূরের এই দুই এলাকায় গবাদি পশুর উপর পরপর হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
রবিবার গভীর রাতে পূর্ব খয়েরবাড়ির বাসিন্দা কৃষ্ণা কৈরালার বাড়িতে হানা দেয় একটি চিতাবাঘ। অভিযোগ, বাড়ি থেকে তিনটি ছাগল টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে সেটি। আরও একটি ছাগল গুরুতর জখম হয়েছে।
ছাগল পালন করেই সংসার চালান কৃষ্ণাদেবী। তাঁর দাবি, চারটি ছাগলই ছিল পরিবারের বড় সম্বল। তার মধ্যে তিনটি মারা যাওয়ায় কার্যত বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। আহত ছাগলটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকেই রাতের বেলায় আতঙ্কে রয়েছেন পূর্ব খয়েরবাড়ির বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, গবাদি পশুর পর এ বার মানুষের উপরও হামলা চালাতে পারে চিতাবাঘ। তাই দ্রুত এলাকায় খাঁচা বসিয়ে চিতাবাঘটিকে ধরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাশের মেঘনাদ সাহা নগর এলাকাতেও একই ভাবে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। মাদারিহাট সদরের মধ্যে থাকা এই এলাকায় হাতির হানা অবশ্য প্রায়ই ঘটে। তার মধ্যে নতুন করে চিতাবাঘের আনাগোনা বাসিন্দাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
তিনটি ছাগল মারা যাওয়ার ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হয়েছে বন দফতর। দপ্তরের তরফে এলাকায় নজরদারি শুরু করা হয়েছে। এক বন আধিকারিক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পশুপালক লিখিত আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
জঙ্গল লাগোয়া এলাকায় সন্ধ্যার পর চিতাবাঘের গতিবিধি নিয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। আতঙ্ক কমাতে এবং চিতাবাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে নজরদারি চালাচ্ছে বন দফতর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments