Homeজেলা১১ বছর পর ময়না বিষমদ মামলায় সাজা, ৫ জনের যাবজ্জীবন

১১ বছর পর ময়না বিষমদ মামলায় সাজা, ৫ জনের যাবজ্জীবন

eisamay_2026-08-04_v0vn1yrz_Court

নিউজ ডেস্ক: বিষাক্ত চোলাই মদ খেয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল পূর্ব মেদিনীপুরের ময়না। সেই ঘটনার প্রায় ১১ বছর পর বুধবার অবশেষে সাজা ঘোষণা হল মামলায়। তমলুকের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মালতী কর্মকার পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একই মামলায় আরও তিন অভিযুক্তকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, বিষমদ-কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত মানিক রুইদাস, নারায়ণ মাইতি, দুলাল বিষয়ই, চন্দন সাঁতরা এবং দীপক মাইতিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে।

অন্য দিকে, এই মামলায় শ্যামপদ বেরা, রাধানাথ মণ্ডল এবং বুদ্ধদেব করকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককেও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলে তাঁদেরও অতিরিক্ত এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিচারপ্রক্রিয়া চলাকালীন এক অভিযুক্ত গৌর তিওয়ারির মৃত্যু হয়। ফলে তাঁর বিরুদ্ধে আর বিচার এগোয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে গত সোমবার আদালত ন’জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। বুধবার তাঁদের সাজা ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিষাক্ত চোলাই মদ পান করে একের পর এক মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ২৫-এ পৌঁছেছিল বলে জানা যায়। আচমকা এতগুলি মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের পর একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে চলে মামলার বিচারপ্রক্রিয়া। সাক্ষীদের বক্তব্য, তদন্তে উঠে আসা তথ্য এবং আদালতে পেশ করা নথিপত্র খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়।

মামলার প্যানেল পাবলিক প্রসিকিউটর তরুণ অধিকারী বলেন, মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বুধবার পাঁচ জনকে যাবজ্জীবন এবং তিন জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্য দিকে, অভিযুক্তদের আইনজীবী তাপসকুমার সামন্ত জানিয়েছেন, তাঁর মক্কেল মানিক রুইদাস ঘটনার পর থেকে প্রায় ১১ বছর ধরে জেলে রয়েছেন। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। ফলে দীর্ঘ ১১ বছর পর ময়নার বিষমদ মামলায় সাজা ঘোষণা হলেও, আইনি লড়াই এখানেই শেষ হচ্ছে না।

No Comments

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved