Last updated: September 24th, 2026 at 01:57 pm

নিউজ ডেস্ক; হাওড়ার সালকিয়ায় এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পারিজাত সিনেমা হলের সামনে। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে সন্ধ্যায় এক মহিলা তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে সালকিয়া এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় এক মাঝবয়সি যুবক কিশোরীর কাছে গিয়ে অঙ্গভঙ্গি করেন এবং তাঁকে ধাক্কা দেন। বিষয়টি নজরে আসতেই কিশোরীর মা ওই যুবককে আটকান এবং প্রতিবাদ করেন। তাঁর অভিযোগ, মেয়ের সঙ্গে ওই যুবক অশালীন আচরণ করেছিলেন।
এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রথমে কিশোরীর মা ওই যুবককে মারধর করেন। পরে আশপাশের কয়েক জন স্থানীয় বাসিন্দাও সেখানে জড়ো হয়ে তাঁকে মারধর করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ সেখানে পৌঁছে যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাশাপাশি, কিশোরী ও তাঁর মাকেও থানায় নিয়ে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, থানায় ওই যুবকের সঙ্গে কথা বলার পর তাঁর আচরণ ও কথাবার্তা দেখে প্রাথমিক ভাবে তাঁকে মানসিক ভাবে অসুস্থ বলে মনে হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবককে সালকিয়া এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতে দেখা যায়।
পুলিশের বক্তব্য অনুযায়ী, পরে কিশোরী ও তাঁর মায়ের সঙ্গে ওই যুবকের কথা বলানো হয়। পরিস্থিতি বোঝার পর তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। ফলে আপাতত এই ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
তবে ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এলাকায়। অভিযোগের সত্যতা, যুবকের আচরণের প্রকৃত কারণ এবং গণধোলাইয়ের ঘটনায় কারও বিরুদ্ধে পৃথক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে পুলিশের নজর রয়েছে।
আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা উচিত নয়—এমন বার্তাই বারবার দিয়ে থাকে পুলিশ। কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি থানায় জানানো এবং তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করাই আইনসঙ্গত পদ্ধতি।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments