Last updated: October 25th, 2026 at 12:27 pm

বিশেষ সংবাদদাতা, বোলপুর: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম (DRM) বিশাল কাপুর মহাশয়ের বোলপুর শান্তিনিকেতন স্টেশন পরিদর্শনের সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের বকেয়া দাবিগুলি জোরালোভাবে তুলে ধরল ‘আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’। রবিবার, ২৫ অক্টোবর, বোলপুর স্টেশনে ডিআরএম-এর সাথে সরাসরি সাক্ষাৎ করেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সুবীর সেন, সৌভিক মন্ডল, গোপাল দাস এবং সদানন্দ দত্ত।
এদিনের বৈঠকে মূলত চারটি গুরুত্বপূর্ণ দাবি রেলকর্তার সামনে তুলে ধরা হয়। প্রথমত, নিত্যযাত্রীদের সুবিধার্থে রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত আহমদপুর, লাভপুর ও কাটোয়া হয়ে সকালে একটি ডাইরেক্ট ট্রেন, “মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার” বা এক্সপ্রেস অবিলম্বে চালু করতে হবে। দ্বিতীয়ত, লাভপুর হাসপাতাল সংলগ্ন রেলগেট, কীর্ণাহার এবং গোপালপুর গ্রাম স্টেশনের আন্ডারপাসগুলিতে জমে থাকা জল ও বেহাল রাস্তার দ্রুত সংস্কার করতে হবে। তৃতীয়ত, আহমদপুর স্টেশনে মেন লাইন (প্ল্যাটফর্ম ১, ২, ৩) থেকে কাটোয়া লাইনের (প্ল্যাটফর্ম ৪ ও ৫) দূরত্ব প্রায় ৭০০ মিটার হওয়ায় যাত্রীদের চরম হয়রানি হয়। এই সমস্যা মেটাতে ৩ নম্বর প্ল্যাটফর্মের পাশেই ফাঁকা জায়গায় একটি ছোট প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। চতুর্থত, বৃহত্তর এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে আহমদপুর জংশন স্টেশনে অবিলম্বে ‘মা তারা এক্সপ্রেস’, ‘কুলিক এক্সপ্রেস’ এবং ‘সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস’-এর স্টপেজ চালু করতে হবে।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, ডিআরএম তাঁদের প্রতিটি দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, রেলের স্টাফ সমস্যা মিটলেই খুব দ্রুত ডাইরেক্ট ট্রেনটি চালু করার ব্যবস্থা করা হবে। এছাড়া, আন্ডারপাসের বেহাল দশার ছবি দেখে তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিকদের ফোন করে দ্রুত মেরামতির নির্দেশ দেন এবং প্ল্যাটফর্ম ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। রেলের শীর্ষ আধিকারিকের এই ইতিবাচক আশ্বাসে আহমদপুর-কাটোয়া শাখার লক্ষাধিক নিত্যযাত্রী দীর্ঘদিনের পরিবহন যন্ত্রণা থেকে মুক্তির আশায় বুক বাঁধছেন।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments