Last updated: August 29th, 2026 at 03:25 pm

নিউজ ডেস্ক: বাইশ গজে বীরেন্দ্র সেহবাগের সেই চেনা মারকুটে ব্যাটিং শৈলীর কথা ক্রিকেটপ্রেমীদের ভোলার কথা নয়। ঠিক যেমনটা বাবা করতেন, মাঠের চার কোণে বল আছড়ে ফেলাকেই যেন নিজের স্বভাবজাত দক্ষতা বানিয়ে ফেলেছেন ছেলে আর্যবীর সেহবাগ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার জাতীয় দলের নীল জার্সি গায়ে তোলার বড় সুযোগ চলে এল এই উদীয়মান ব্যাটারের সামনে। আসন্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট স্কোয়াডে স্থান করে নিয়েছেন বীরেন্দ্র সেহবাগের জ্যেষ্ঠ পুত্র ১৮ বছর বয়সী আর্যবীর সেহবাগ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর জুনিয়র নির্বাচক কমিটি আগামী সেপ্টেম্বরে হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ সিরিজের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে। এই স্কোয়াডে কেবল আর্যবীরই নন, স্থান পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়ও। ফলে আন্তর্জাতিক আঙিনায় ভারতের প্রাক্তন দুই ব্যাটিং স্তম্ভের উত্তরসূরিদের একই সাজঘরে একসাথে দেখার সুযোগ ঘিরে চরম উৎসাহ ক্রিকেট মহলে।
ঘরোয়া ক্রিকেটে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইতিমধ্যেই নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন আর্যবীর। বিশেষ করে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ৩০৯ বলে ২৯৭ রানের এক বিস্ফোরক ইনিংস খেলে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়েও খেলেছেন এই ডানহাতি অলরাউন্ডার।
ছেলে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর মা আরতি সেহবাগ। সম্প্রতি পরিবারিক সম্পর্কের টানাপোড়েন বা বিচ্ছেদ সংক্রান্ত নানা জল্পনা সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠলেও, ছেলের এই মেগা সাফল্যে সমস্ত জল্পনাকে দূরে সরিয়ে মাতৃস্নেহ ও গর্ব উগরে দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিসিসিআই-এর দল ঘোষণার পোস্ট শেয়ার করে আরতি লিখেছেন, “সো সো প্রাউড অফ ইউ মাই বেবি! তুমি যত বড়ই হও বা যত দূরেই যাও না কেন, তুমি সবসময় আমার ছোট বাচ্চা এবং আমার সবচেয়ে বড় গর্ব হয়ে থাকবে।” ছেলের এই অবিস্মরণীয় পদক্ষেপে শুভেচ্ছা জানিয়েছেন পিতা বীরেন্দ্র সেহবাগও।
রাজকোটে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অজি তরুণদের বিরুদ্ধে ব্যাট হাতে নামবেন আর্যবীর। বাবার মতো আগ্রাসী মেজাজে বাইশ গজ কাঁপাতে পারেন কি না এবং এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় সিনিয়র জাতীয় দলের দিকে কতটা এগোতে পারেন, সে দিকেই এখন নজর ভারতের ক্রিকেটপ্রেমীদের।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments