Last updated: October 12th, 2026 at 03:09 pm
নিউজ ডেস্ক: রাজ্য বাজেটে বসিরহাটকে জেলা করার প্রস্তাব সামনে আসতেই নতুন করে প্রশাসনিক পুনর্গঠনের দাবি জোরালো হচ্ছে টাকি-হাসনাবাদ এলাকায়। এ বার হাসনাবাদকে পূর্ণাঙ্গ মহকুমা হিসেবে গড়ে তোলার দাবিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং হেমনগর উপকূল থানা এলাকা নিয়ে পৃথক মহকুমা গঠনের দাবি তুলেছে হাসনাবাদ মহকুমা নাগরিক মঞ্চ। রবিবার এই দাবিতে টাকির রাজবাড়ি ঘাট থেকে হাসনাবাদ ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রায় এলাকার ছাত্র, যুবক এবং বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন। তাঁদের বক্তব্য, বসিরহাট জেলা হিসেবে আত্মপ্রকাশ করলে প্রশাসনিক কাঠামো কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই নতুন জেলা গঠনের পরিকল্পনার পাশাপাশি হাসনাবাদকে মহকুমা করার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন বলে দাবি আন্দোলনকারীদের।
দীর্ঘদিন ধরেই বসিরহাটকে জেলা করার দাবি উঠে এসেছে। অতীতে প্রশাসনিক সভা এবং রাজনৈতিক মঞ্চ থেকে বসিরহাটকে জেলা করার কথা বলা হলেও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের একাংশের অভিযোগ। সম্প্রতি রাজ্য বাজেটে বসিরহাটকে জেলা করার প্রস্তাব সামনে আসায় এলাকার মানুষের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে জেলা গঠনের পরে তার অধীনে কতগুলি মহকুমা থাকবে, কিংবা হাসনাবাদের প্রশাসনিক মর্যাদা কী হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।
নাগরিক মঞ্চের দাবি, হাসনাবাদকে মহকুমা করার পক্ষে একাধিক প্রশাসনিক ও ভৌগোলিক যুক্তি রয়েছে। তাঁদের বক্তব্য, টাকি ও হাসনাবাদ এলাকায় মহকুমা পুলিশ আধিকারিকের দফতর-সহ রাজ্য সরকারের একাধিক মহকুমা স্তরের দফতর রয়েছে। কয়েক বছর আগে বসিরহাট পুলিশ জেলা গঠনের পর হাসনাবাদ ও মিনাখাঁয় পৃথক মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ করা হয়েছে। নাগরিক মঞ্চের মতে, এই প্রশাসনিক কাঠামোকে কাজে লাগিয়ে হাসনাবাদে পূর্ণাঙ্গ মহকুমা গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে।
এ ছাড়াও টাকি একটি গুরুত্বপূর্ণ পুর শহর। কলকাতা ও বারাসতের সঙ্গে রেল এবং সড়ক যোগাযোগ রয়েছে টাকি ও হাসনাবাদের। এলাকায় হোটেল ও পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে। ইছামতী নদীর তীরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী টাকি রাজ্যের পর্যটন মানচিত্রে পরিচিত জায়গা। নাগরিক মঞ্চের বক্তব্য, এই যোগাযোগ ব্যবস্থা, পর্যটনের সম্ভাবনা এবং বিদ্যমান প্রশাসনিক পরিকাঠামোকে গুরুত্ব দিয়ে হাসনাবাদকে মহকুমা করার দাবি বিবেচনা করা উচিত।
সম্প্রতি নাগরিক কনভেনশনের মাধ্যমে গঠিত হয়েছে হাসনাবাদ মহকুমা নাগরিক মঞ্চ। পদযাত্রার মাধ্যমে তাদের দাবি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এই দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments