
নিউজ ডেস্ক: মণিপুরে ফের রক্তপাত। শনিবার বিকেলে সেনাপতি জেলার কালেনজাং গ্রামে সশস্ত্র হামলায় দুই নাগা নাগরিক নিহত হন। ঘটনায় আরও দু’জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর জখম এক ব্যক্তির রবিবার ভোরে মৃত্যু হওয়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হয়েছে। পরপর হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরের পাহাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেল আনুমানিক আড়াইটে থেকে ৩টার মধ্যে সেনাপতি জেলার কালেনজাং গ্রামে হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চাওয়াইনামাই খুল্লেন গ্রামের কে. রকি ওসানাহ এবং লাই শিরাফির খ. কুমারের। দু’জনই নাগা সম্প্রদায়ের বাসিন্দা। তাঁদের মধ্যে একজন মাও এবং অন্যজন পউমাই সম্প্রদায়ের বলে জানা গিয়েছে।
হামলায় আহত হন আদানি মানিও এবং আশিহো সানি। তাঁদের চিকিৎসার জন্য সেনাপতি জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আশিহো সানির শারীরিক অবস্থা পরে আশঙ্কাজনক হয়ে ওঠে। রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। এর ফলে এই ঘটনায় প্রাণ হারানো নাগা নাগরিকের সংখ্যা তিনে পৌঁছেছে।
ঘটনার পর মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহও হামলার নিন্দা করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইউনাইটেড নাগা কাউন্সিল মণিপুরের জাতীয় সড়কগুলিতে প্রায় চার মাস ধরে চলা অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছিল। তার পরেই এই হামলার ঘটনা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মণিপুরের কামজং জেলার পিলং এলাকায় চার জন তাংখুল নাগা নাগরিক সশস্ত্র হামলায় নিহত হন। ফলে অল্প সময়ের ব্যবধানে নাগা অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলিতে পরপর হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কালেনজাং হামলার নেপথ্যে কারা ছিল, তা এখনও তদন্তাধীন। বিভিন্ন পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় নিয়ে অভিযোগ উঠলেও সেই দাবিগুলি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার দায় নির্দিষ্ট কোনও গোষ্ঠীর উপর চাপানো নিয়ে সতর্ক থাকছে প্রশাসন।
মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে পরপর হিংসার ঘটনায় শান্তি ফেরানোর উদ্যোগ কতটা কার্যকর হবে, এখন সেটাই বড় প্রশ্ন। সেনাপতি, কামজং ও পার্শ্ববর্তী এলাকাগুলির পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রশাসনের।
মণিপুরের সংবেদনশীল পরিস্থিতি এবং উত্তর-পূর্ব ভারতের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেটে নজর রাখছে NGTV News।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments