Last updated: August 31st, 2026 at 05:24 pm

নিউজ ডেস্ক: পথদুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েছিলেন দুই বাইক আরোহী যুবক। আশপাশে ভিড় থাকলেও উদ্ধারকাজে এগোচ্ছিলেন না প্রায় কেউই। সেই সময়েই কনভয় থামিয়ে এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে নিজের হাতেই আহত দু’জনকে তুলে দিলেন কনভয়ের গাড়িতে এবং তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে। সোমবার দুপুরে বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি এলাকার এই মানবিক ঘটনার নজির গড়েছেন মন্ত্রী। আহত যুবকদের পরিচয় এখনও জানা না গেলেও তাঁদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে রানিবাঁধের দিক থেকে সরকারি একটি কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া শহরের দিকে নিজের কনভয় নিয়ে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বহড়ামুড়ি এলাকার একটি বাঁকের কাছে পৌঁছতেই তিনি দেখেন, রাস্তার ওপর দুই যুবক রক্তভেজা অবস্থায় যন্ত্রনায় কাতরাচ্ছেন। অদূরেই দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে তাঁদের একটি মোটরবাইক। কৌতূহলী স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমালেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো উপযুক্ত পদক্ষেপ কেউ গ্রহণ করেননি। দৃশ্যটি দেখামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজ গাড়ি থেকে নেমে আসেন মন্ত্রী।
পরিস্থিতির ভয়াবহতা বুঝে তিনি কালবিলম্ব না করে নিরাপত্তারক্ষী ও উপস্থিত কয়েকজনের সহায়তায় আহত দু’জনকে তুলে নেন নিজের সফরসঙ্গী কনভয়ের একটি গাড়িতে। এরপর দ্রুত চালককে নির্দেশ দেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হিড়বাঁধ থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি একটি স্কর্পিও গাড়িতে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই আরোহী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, “একজন যাত্রী খাতড়ার দিকে যাচ্ছিলেন। মোটরবাইকে ছিলেন দু’জন যুবক। উল্টো দিক থেকে আসা চারচাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইকের দু’জনই অত্যন্ত মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁদের শরীর থেকে অঝোর ধারায় রক্তপাত হচ্ছিল। অবস্থা বেশ আশঙ্কাজনক দেখে আমি সঙ্গে সঙ্গে নেমে পরি এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানোর সুব্যবস্থা করি।” ভিড় জমলেও সময়মতো উদ্ধারে হাত না বাড়ানো সাধারণ মানুষের মানসিকতা বদলে জরুরি মুহূর্তে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছে এই ঘটনা। মন্ত্রীর এই তাৎক্ষণিক ও মানবিক তৎপরতাকে একবাক্যে কুর্নিশ জানিয়েছেন বাঁকুড়ার স্থানীয় বাসিন্দারা।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments