Homeদেশঘরে ঘরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট, আবার কি কোভিড না কি নয়া ভাইরাস? কেন্দ্র শোনাল আশ্বাসের বাণী

ঘরে ঘরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট, আবার কি কোভিড না কি নয়া ভাইরাস? কেন্দ্র শোনাল আশ্বাসের বাণী

নিউজ ডেস্ক: মরশুম বদলের মুখে দেশজুড়ে হঠাৎ করেই লাফিয়ে বাড়ছে জ্বর, সর্দি-কাশি এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যা। সাধারণ মানুষের মনে
resizeplus_be217977-dda0-4146-8efb-f091668e1a92

নিউজ ডেস্ক: মরশুম বদলের মুখে দেশজুড়ে হঠাৎ করেই লাফিয়ে বাড়ছে জ্বর, সর্দি-কাশি এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে— তবে কি কোভিড আবার ফিরে এল? নাকি থাবা বসাচ্ছে মারণ H1N1 ইনফ্লুয়েঞ্জা? পরিস্থিতি ঠিক কতটা উদ্বেগজনক, তা নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অহেতুক আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।

পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoHFW), স্বাস্থ্য গবেষণা বিভাগ (DHR), ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)। নয়া দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইসিএমআর (ICMR)-এর ডিরেক্টর জেনারেল ডক্টর রাজীব বাহল জানান, বর্তমানে দেশে ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জার প্রকোপ একটু বেশি। তবে স্বাস্থ্য দফতর সম্পূর্ণ সতর্ক রয়েছে। যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি এখন ছড়াচ্ছে, তার তীব্রতা নিয়ে আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে ঘুরে বেড়ানো ভাইরাসের রূপটি মূলত A/Missouri/11/2025 (H1N1) pdm09 স্ট্রেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাইরাসের মিউটেশন বা জিনগত পরিবর্তন প্রসঙ্গে ডক্টর বাহল জানান, ঋতু পরিবর্তনের সময় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনে এই ধরনের সামান্য রদবদল ঘটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া। একে নতুন বা বিপজ্জনক কোনও অতিমারির লক্ষণ বলে মনে করার বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক বিশ্রাম ও যত্ন নিলে এই জ্বর নিজে থেকেই সেরে যায়।

সাধারণত তেজালো জ্বর, শুকনো কাশি, গলার কিচকিচ, মাথা ও শরীরে প্রচণ্ড ব্যথা এবং চূড়ান্ত ক্লান্তিই এই ইনফ্লুয়েঞ্জার প্রধান উপসর্গ। চিকিৎসকদের পরামর্শ, সংক্রমণ হলে আতঙ্কিত না হয়ে প্রচুর পরিমাণে জল ও তরল খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। শরীরে H1N1 ধরা পড়লেই যে হাসপাতালে ছুটতে হবে বা প্রাণসংশয় ঘটবে, এমনটা নয়। তবে প্রবীণ নাগরিক, শিশু এবং যাঁরা ডায়াবেটিস বা হৃদ্রোগের মতো কো-মরবিডিটিতে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। উপসর্গ জটিল রূপ নিলে কালবিলম্ব না করে চিকিৎসকের দ্বারে যাওয়াই শ্রেয়।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved