Homeদেশগ্রেটার নয়ডায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

resizeplus_নিউটাউনের (4)

নিউজ ডেস্কঃ বড় খবর! গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন। মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে মহোবার দিকে যাচ্ছিল বাসটি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ জেওয়ার এলাকার কাছে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, বাসটির এসি ব্যবস্থায় স্পার্ক বা বিস্ফোরণের পর ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে যায়। অত্যন্ত দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সম্পূর্ণ কারণ এখনও তদন্তের বিষয়।

ঘটনার পর সামনে এসেছে আরও একটি গুরুতর অভিযোগ। FIR-এ এক যাত্রীর বক্তব্য অনুযায়ী, বাসের ভিতরে পোড়া গন্ধ পাওয়ার পর চালক ও কন্ডাক্টরকে সতর্ক করেছিলেন যাত্রীরা। অভিযোগ, তাঁদের বারবার বাস থামানোর অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়। পরে চালকের কেবিনের কাছে আগুন দেখা দিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুন ছড়িয়ে পড়ার পর বহু যাত্রী প্রাণ বাঁচাতে জানলা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন। কয়েকজন চলন্ত বাস থেকেই লাফ দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন মহিলা এবং আটজন পুরুষ রয়েছেন।

এই ঘটনার পর বাসটির নিরাপত্তা এবং অতীতের নিয়মভঙ্গ নিয়েও প্রশ্ন উঠছে। সরকারি তথ্যের ভিত্তিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাসটির বিরুদ্ধে আগে ১৯টি ট্রাফিক চালান, মোট প্রায় ১.৭৫ লক্ষ টাকা জরিমানা জমা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন মোটর ভেহিকল ও ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ ছিল।

ইতিমধ্যেই চালক ও কন্ডাক্টরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঠিক কী কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং যাত্রীদের সতর্কবার্তা কেন গুরুত্ব দিয়ে দেখা হয়নি—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

এই ভয়াবহ দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে, দেশের জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলকারী স্লিপার বাসগুলির নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর। তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে এই ঘটনায় কার গাফিলতি ছিল এবং কোনও নিয়ম ভাঙা হয়েছিল কি না।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved