Last updated: September 21st, 2026 at 04:44 pm

নিউজ ডেস্ক : ক্যাব বুকিং কিংবা ডেলিভারি পরিষেবা নিতে গিয়ে আগে থেকেই ‘টিপস’ দেওয়ার চাপ এবার বন্ধ হতে চলেছে। ওলা, উবার-সহ বিভিন্ন রাইড-হেইলিং এবং ডেলিভারি প্ল্যাটফর্মে বুকিং নিশ্চিত করা বা দ্রুত পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদের আগাম টিপস দিতে উৎসাহিত বা বাধ্য করার কৌশলকে বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ।
এই ধরনের পদ্ধতির বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পরিষেবা পাওয়ার আগেই গ্রাহকের কাছ থেকে টিপস চাওয়া হলে অনেক ক্ষেত্রে সেটি প্রকৃত পরিষেবা মূল্যের অংশ কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। ফলে টিপস দেওয়ার বিষয়টি সম্পূর্ণ স্বেচ্ছাধীন রাখার উপর জোর দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকার লক্ষ্য মূলত গ্রাহকদের স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করা। নয়াদিল্লিতে কোনও অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করার সময় যাত্রীকে এমন কোনও বার্তা বা বিকল্প দেখানো যাবে না, যাতে মনে হয় আগাম টিপস না দিলে দ্রুত গাড়ি পাওয়া যাবে না বা বুকিং নিশ্চিত হওয়ার সম্ভাবনা কমে যাবে।
ডেলিভারি পরিষেবার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হতে পারে। পরিষেবা শেষ হওয়ার পর গ্রাহক চাইলে নিজের ইচ্ছায় টিপস দিতে পারবেন। কিন্তু বুকিংয়ের আগে টিপসকে পরিষেবা পাওয়ার শর্ত হিসেবে তুলে ধরা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এই পদক্ষেপের ফলে রাইড-হেইলিং ও ডেলিভারি প্ল্যাটফর্মগুলিকে নিজেদের অ্যাপের পেমেন্ট এবং টিপস সংক্রান্ত ইন্টারফেস পর্যালোচনা করতে হতে পারে। গ্রাহকদেরও পরিষেবা মূল্যের সঙ্গে স্বেচ্ছাধীন টিপসের পার্থক্য স্পষ্টভাবে জানানো প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রের এই নির্দেশিকার পর অ্যাপ-ভিত্তিক ক্যাব ও ডেলিভারি পরিষেবায় গ্রাহক স্বচ্ছতা আরও বাড়বে কি না, এখন সেদিকেই নজর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments