Homeদেশউৎসবের মরশুমে ইচ্ছে মতো তোলা যাবে না হকারদের, বড় নির্দেশ দিল NHRC

উৎসবের মরশুমে ইচ্ছে মতো তোলা যাবে না হকারদের, বড় নির্দেশ দিল NHRC

resizeplus_eisamay_2026-10-05_r3zx389v_NHRC-on-Hawkar

নিউজ ডেস্ক: নয়াদিল্লি দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি ও ছটপুজোর উৎসবের মরশুমে রাস্তার ধারের হকার, স্ট্রিট ভেন্ডর এবং ছোট ব্যবসায়ীদের ইচ্ছেমতো উচ্ছেদ করা যাবে না। তাঁদের জীবিকা ও মানবাধিকার সুরক্ষিত রাখতে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। উৎসবের সময়ে প্রশাসনের বিরুদ্ধে হকারদের অকারণে সরিয়ে দেওয়া, মালপত্র বাজেয়াপ্ত করা এবং জরিমানা করার অভিযোগ সামনে আসার পরই এই নির্দেশ বলে জানা গিয়েছে।

NHRC জানিয়েছে, উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শহরে ছোট ব্যবসায়ী ও হকারদের হয়রানির একাধিক অভিযোগ কমিশনের কাছে পৌঁছেছে। অভিযোগে বলা হয়েছে, রাস্তা পরিষ্কার রাখা বা যান চলাচল স্বাভাবিক রাখার নামে অনেক ক্ষেত্রে তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও তাঁদের পণ্য বাজেয়াপ্ত করা হচ্ছে, আবার কোথাও জরিমানা করা হচ্ছে। ফলে যে সময়টায় ছোট ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত রোজগারের সুযোগ তৈরি হয়, সেই সময়েই তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

কমিশনের বক্তব্য, কোনও জায়গায় জনসাধারণের চলাচল বা জরুরি পরিষেবার স্বার্থে হকারদের সরানো একান্ত প্রয়োজন হলে প্রশাসনকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। সেই বিকল্প জায়গায় ব্যবসা চালানোর উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও রাখতে হবে। অর্থাৎ শুধু উচ্ছেদ করে দায়িত্ব শেষ করা যাবে না।

বিশেষ করে দমকল বা অ্যাম্বুল্যান্স চলাচলের রাস্তা আটকে গেলে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে সে ক্ষেত্রেও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কথা বলেছে কমিশন। হকারদের জীবিকা যাতে একেবারে বন্ধ হয়ে না যায়, সে বিষয়টি বিবেচনায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হকারদের মধ্যে মৃৎশিল্পী, ফুল বিক্রেতা, সবজি বিক্রেতা, মিষ্টি বিক্রেতা, রঙের সামগ্রী বিক্রেতা-সহ বিভিন্ন ছোট ব্যবসায়ী রয়েছেন। উৎসবের সময় এই ব্যবসার উপর নির্ভর করে বহু পরিবার বাড়তি আয় করে। তাই উৎসবের মরশুমে প্রশাসনিক অভিযানের কারণে তাঁদের উপার্জন বন্ধ হয়ে গেলে তার সরাসরি প্রভাব পরিবারের উপর পড়ে।

NHRC-এর এই নির্দেশের পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও নতুন করে নজর পড়েছে। কমিশন স্পষ্ট করেছে, জননিরাপত্তা বা জরুরি পরিষেবার প্রয়োজন থাকলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তার আড়ালে হকারদের অযথা হয়রানি বা তাঁদের পণ্য বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কমিশনের নির্দেশ মেনে পদক্ষেপ করার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে নেওয়া পদক্ষেপের রিপোর্টও চাওয়া হয়েছে।

উৎসবের মরশুমে বাজার জমজমাট হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছোট ব্যবসারও প্রসার ঘটে। সেই সময় হকারদের ব্যবসা এবং সাধারণ মানুষের চলাচল—দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই প্রশাসনের বড় দায়িত্ব। NHRC-এর নতুন নির্দেশ সেই ভারসাম্য বজায় রাখার দিকেই নজর দিল বলে মনে করা হচ্ছে।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved