HomeদেশMDR চালু হলে UPI লেনদেনের অঙ্ক কমতে পারে ১০ শতাংশ, লোকালসার্কেলস সমীক্ষা

MDR চালু হলে UPI লেনদেনের অঙ্ক কমতে পারে ১০ শতাংশ, লোকালসার্কেলস সমীক্ষা

resizeplus_eisamay_2025-10-08_dc3dbkws_UPI

নিউজ ডেস্ক: ডিজিটাল পেমেন্টে বড় পরিবর্তনের ইঙ্গিত। UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR চালু হলে দেশে ইউপিআই ব্যবহারের পরিমাণ কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে লোকালসার্কেলস-এর সাম্প্রতিক সমীক্ষা। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২,০০০ টাকার বেশি মার্চেন্ট পেমেন্টে প্রস্তাবিত ০.৪ শতাংশ MDR কার্যকর হলে মাসিক UPI লেনদেনের মোট অঙ্ক প্রায় ১০ শতাংশ কমতে পারে। পাশাপাশি লেনদেনের সংখ্যা কমতে পারে প্রায় ৪ শতাংশ।

সমীক্ষার এই পূর্বাভাস এমন সময়ে সামনে এসেছে, যখন ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI মার্চেন্ট লেনদেনে MDR কার্যকর হওয়ার কথা। তবে এই চার্জ সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে না—সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, MDR মূলত মার্চেন্ট পেমেন্ট ইকোসিস্টেমের মধ্যে প্রযোজ্য একটি চার্জ। ব্যাংকগুলিকে মার্চেন্টের উপর ধার্য MDR গ্রাহকের ঘাড়ে চাপানো আটকাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

লোকালসার্কেলস-এর ২ অক্টোবর প্রকাশিত সমীক্ষায় ২৯১টি জেলার ৬৭ হাজারেরও বেশি UPI ব্যবহারকারীর মতামত নেওয়া হয়েছে। প্রশ্ন ছিল, কোনও ব্যবসায়ী যদি MDR-এর খরচ গ্রাহকের উপর চাপিয়ে দেন, তা হলে ২,০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে তাঁরা কী করবেন। মাত্র ১৪ শতাংশ জানিয়েছেন, অতিরিক্ত খরচ দিয়েও তাঁরা UPI ব্যবহার চালিয়ে যাবেন। অন্যদিকে ২৭ শতাংশ নগদে এবং ২৬ শতাংশ ক্রেডিট কার্ডে যাওয়ার কথা জানিয়েছেন। আরও ১৪ শতাংশ ডেবিট কার্ড ব্যবহারের কথা বলেছেন।

অর্থাৎ, বড় অঙ্কের কেনাকাটায় UPI-এর বদলে নগদ, ক্রেডিট বা ডেবিট কার্ড এবং অন্য ব্যাঙ্কিং ব্যবস্থার দিকে ক্রেতাদের ঝুঁকে পড়ার সম্ভাবনা রয়েছে। এই বদলই UPI-এর মোট লেনদেনের অঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে লোকালসার্কেলস।

অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যেও MDR নিয়ে অনীহা রয়েছে। সেপ্টেম্বরের সমীক্ষায় ৩২ হাজারের বেশি ব্যবসায়ী ও মার্চেন্টের মতামত নেওয়া হয়েছিল। সেখানে মাত্র ১৭ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে ০.৪ শতাংশ MDR নিজেরা বহন করতে রাজি। ৪১ শতাংশ ব্যবসায়ী কোনও MDR বহন করতে রাজি নন।

তবে সরকারের বক্তব্য, নতুন কাঠামোর প্রভাব পড়বে UPI-এর তুলনামূলক ছোট একটি অংশে। কেন্দ্র জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে হওয়া সমস্ত UPI লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট এবং নির্দিষ্ট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও শূন্য MDR বজায় থাকবে। সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ৯৬ শতাংশ মার্চেন্ট UPI লেনদেন এই ব্যবস্থায় প্রভাবমুক্ত থাকবে।

ফলে আগামী দিনে বড় অঙ্কের ডিজিটাল কেনাকাটায় গ্রাহকদের আচরণ কতটা বদলায়, সেটিই এখন নজরে। MDR-এর বোঝা ব্যবসায়ীরা নিজেরা বহন করবেন, নাকি কোনও ভাবে তার প্রভাব ক্রেতাদের উপর পড়বে—তার উপরই অনেকটাই নির্ভর করছে UPI ব্যবহারের ভবিষ্যৎ।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved