
নিউজ ডেস্ক : খুনের মামলায় অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পুলিশের নাগালের বাইরে থাকা প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে কী ভাবে এখনও সরকারি বেতন দেওয়া হচ্ছে, তা নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। ৬ অক্টোবরের শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ প্রশান্তকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অবিলম্বে তাঁর বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশান্ত বর্মনের বিরুদ্ধে নিউ টাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ ও খুনের মামলায় অভিযোগ রয়েছে। তিনি ওই মামলায় অভিযুক্ত হলেও পুলিশের হাতে এখনও ধরা পড়েননি। এর আগে কলকাতা হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের পরও তিনি আত্মসমর্পণ করেননি বলে আদালতে জানানো হয়েছে।
এর আগে মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীও প্রশ্ন তুলেছিলেন, এক জন সরকারি কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রাজ্য আদালতে জানাচ্ছে, অথচ সেই ব্যক্তির অ্যাকাউন্টে প্রতি মাসে সরকারি বেতন যাচ্ছে কী ভাবে? প্রশান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাঁকে কেন ধরা যাচ্ছে না, তা নিয়েও তদন্তকারী সংস্থা এবং রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এই মামলায় প্রশান্ত বর্মনের আইনজীবীর তরফে অবশ্য অন্য দাবি করা হয়েছে। তাঁর বক্তব্য, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের পেশ করা চার্জশিটে প্রশান্তের নাম নেই এবং তিনি এ বিষয়ে পাল্টা হলফনামা দিতে চান। ফলে মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তদন্তের বিভিন্ন দিক নিয়ে আইনি বিতর্ক এখনও রয়েছে।
এ বার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল। আদালতের নির্দেশ, প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সেই সময়সীমার মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তির তালিকা তৈরি করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি তাঁর সরকারি বেতন অবিলম্বে বন্ধ করার নির্দেশও দিয়েছে আদালত।
স্বপন কামিল্যা খুনের মামলায় প্রশান্ত বর্মনের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। এর আগে মামলার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় ধরে অভিযুক্তকে গ্রেফতার করতে না পারা এবং একই সঙ্গে সরকারি বেতন চালু থাকার বিষয়টি আদালতের পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব পেয়েছে।
এখন ৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেন কি না, সেটিই নজরে। আত্মসমর্পণ না করলে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হতে পারে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments