Last updated: October 7th, 2026 at 05:11 pm

নিউজ ডেস্ক : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, কেন ১০ মে অভিষেকের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল এবং এত দ্রুত সেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনই বা কেন পড়েছিল। আগামী ১৩ অক্টোবরের মধ্যে রাজ্যকে যাবতীয় ব্যাখ্যা-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে অভিষেকের আইনজীবীর বক্তব্য, ২০১৩ সালে তাঁকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। পরের বছর তা ওয়াই প্লাস হয়। ২০১৫ সালে জেড এবং ২০১৬ সাল থেকে জেড প্লাস নিরাপত্তার আওতায় ছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ১০ মে কোনও নোটিস বা কারণ না জানিয়েই সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয় বলে আদালতে দাবি করা হয়েছে। তাঁর নিরাপত্তা জেড প্লাস থেকে এক্স ক্যাটিগরিতে নামিয়ে আনা হয় এবং মাত্র দু’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়া হয় বলে আইনজীবীর বক্তব্য।
আইনজীবীর আরও দাবি, নিরাপত্তা কমানোর ১৯ দিনের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেকের উপর বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। আদালতে বলা হয়, সেখানে তাঁকে লক্ষ্য করে পাথর, ডিম এবং জুতো ছোড়া হয়েছিল। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সময় তাঁকে হেলমেট পরতে হয়েছিল বলেও দাবি করা হয়েছে। এরপর কলকাতা বিমানবন্দর, ডায়মন্ড হারবারের আমতলা এবং কলকাতার ক্যামাক স্ট্রিটে তাঁর কার্যালয়কে ঘিরে আরও কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনার কথা আদালতে তুলে ধরা হয়।
অন্য দিকে, রাজ্যের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই ‘থ্রেট পারসেপশন’ বা নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বক্তব্য, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের নিরাপত্তা শাখা পৃথক ভাবে বিষয়টি পর্যালোচনা করেছিল। সেই মূল্যায়নের ভিত্তিতেই অভিষেকের নিরাপত্তা এক্স ক্যাটিগরিতে নামিয়ে আনা হয়।
এই যুক্তির পরিপ্রেক্ষিতেই আদালতের প্রশ্ন, যখন ১২ মে নিরাপত্তা কমানোর বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তখন ১০ মে কী ভাবে নিরাপত্তা প্রত্যাহার করা হল? বিচারপতি আরও জানতে চান, পরবর্তী সময়ে একাধিক নিরাপত্তাজনিত ঘটনা সামনে আসার পর অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছিল।
রাজ্য সরকারের পক্ষ থেকে রিপোর্ট দেওয়ার জন্য আরও সময় চাওয়া হয়েছিল। তবে আদালত ১৩ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। ফলে অভিষেকের জেড প্লাস নিরাপত্তা কেন প্রত্যাহার করা হয়েছিল, সেই সিদ্ধান্তের প্রশাসনিক ও নিরাপত্তাগত ভিত্তি নিয়ে পরবর্তী শুনানিতে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments