Last updated: October 7th, 2026 at 05:12 pm

নিউজ ডেস্ক : কলকাতা পুরসভায় বড়সড় প্রশাসনিক রদবদল। রাস্তা ও বিল্ডিং বিভাগের কাজ নিয়ে গত কয়েক মাসে একের পর এক অভিযোগ ও বিতর্কের মধ্যেই সংশ্লিষ্ট দুই বিভাগের ডিরেক্টর জেনারেল (ডিজি)-কে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। শুধু এই দুই বিভাগ নয়, মোট ১০ জন ডিজিকে বদলির নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
পুরসভার বিভিন্ন বিভাগের শীর্ষ প্রশাসনিক পদগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল ডিজি পদ। সংশ্লিষ্ট বিভাগের কাজকর্ম পরিচালনা ও নজরদারির ক্ষেত্রে তাঁদের ভূমিকা থাকে। ফলে একসঙ্গে এত জন ডিজির দায়িত্ব বদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পুরসভার রাস্তা বিভাগের ডিজি সুকান্ত দাসকে ওই পদ থেকে সরিয়ে বেহালার গোড়াগাছা এবং বেলেঘাটার পামার বাজারে রাস্তা তৈরির উপকরণ সরবরাহকারী হটমিক্স ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাংসদ-বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প সংক্রান্ত কাজও তাঁর দায়িত্বে থাকবে। তাঁর জায়গায় রাস্তা বিভাগের নতুন ডিজি করা হয়েছে বাজার বিভাগের বর্তমান ডিজি শুভজিৎ দাশগুপ্তকে। তবে পুজোর মরশুম শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বিভাগের কাজে সুকান্ত দাস তাঁকে সহযোগিতা করবেন বলে নির্দেশে জানানো হয়েছে।
অন্য দিকে, বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকারকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে বস্তি উন্নয়ন সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বিল্ডিং বিভাগের অ্যাক্টিং ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বিপ্লব পাল।
রাস্তা বিভাগের পাশাপাশি গত কয়েক মাসে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগও একাধিক বিতর্কে জড়িয়েছে। তারাতলায় বেআইনি নির্মীয়মাণ একটি গোডাউন ভেঙে পড়ার ঘটনার পর নির্মাণ সংক্রান্ত নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি বিল্ডিং বিভাগের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ার গ্রেফতার এবং এক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সাসপেন্ড হওয়ার ঘটনাও আলোচনায় আসে। এই পরিস্থিতির মধ্যেই বিভাগের শীর্ষ পদে পরিবর্তন করা হল।
রাস্তা নিয়েও পুরসভার অন্দরে চাপ ছিল। কলকাতার বিভিন্ন রাস্তার মেরামতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাস্তা সারানোর ঘোষণা হলেও পুরসভা সূত্রে জানা যায়, বহু জায়গায় কাজ তখনও বাকি ছিল। ফলে রাস্তা বিভাগের প্রশাসনিক দায়িত্বে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ ছাড়াও স্টোর অ্যান্ড পারচেজ বিভাগের ডিজি করা হয়েছে শুভাশিস চট্টোপাধ্যায়কে। পার্কিং, উদ্যান ও ঘাট বিভাগের নতুন ডিজি হয়েছেন দুর্জয় সরকার। উদ্যান বিভাগের ডিজি পদ থেকে শান্তনু রায়কে সরিয়ে সিভিল বিভাগের চিফ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগেও ডিজি ও অ্যাক্টিং ডিজি স্তরে রদবদল করা হয়েছে।
পুরসভা সূত্রে এই বদলিকে প্রশাসনিক পুনর্বিন্যাস হিসেবে দেখা হলেও, বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক অভিযোগ ও বিতর্কের সঙ্গে এই রদবদলের যোগ কতটা। বিশেষ করে রাস্তা ও বিল্ডিং বিভাগের দায়িত্বে পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে বদলির সরকারি নির্দেশে প্রত্যেক আধিকারিককে সরানোর নির্দিষ্ট কারণ আলাদা করে উল্লেখ করা হয়নি।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments