Homeখেলা‘২ বছরও বাকি নেই’, এশিয়াডের আনন্দের মাঝে অলিম্পিক নিয়ে ওয়ার্নিং বিন্দ্রার

‘২ বছরও বাকি নেই’, এশিয়াডের আনন্দের মাঝে অলিম্পিক নিয়ে ওয়ার্নিং বিন্দ্রার

resizeplus_eisamay_2026-10-05_z9r7gqmn_Abhinav-Bindra

নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্স নিয়ে যখন দেশজুড়ে উচ্ছ্বাস, তখনই আগামী অলিম্পিক নিয়ে সতর্ক করলেন ভারতের কিংবদন্তি শুটার ও অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রা। তাঁর স্পষ্ট বার্তা, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স আর দূরে নয়। হাতে দু’বছরেরও কম সময়। তাই এশিয়াডের সাফল্য উদযাপনের পাশাপাশি যে জায়গাগুলিতে ঘাটতি রয়েছে, সেগুলি চিহ্নিত করে এখনই কাজ শুরু করতে হবে।

রবিবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানান বিন্দ্রা। তাঁর মতে, এশিয়ান গেমসে প্রতিটি পদকের পিছনে রয়েছে বছরের পর বছর অনুশীলন, চোট, ব্যর্থতা, আত্মত্যাগ এবং অসংখ্য ঘণ্টার পরিশ্রম। তাই শুধু পদকজয়ী ক্রীড়াবিদদের নয়, তাঁদের পরিবার, কোচ, সাপোর্ট স্টাফ, ফেডারেশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং সরকারের ভূমিকাকেও কুর্নিশ জানান তিনি।

এ বারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারত মোট ৮৫টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে শেষ করেছে। যদিও আগের হাংঝৌ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এসেছিল ১০৬টি পদক। অর্থাৎ এ বার মোট পদকের সংখ্যা কমেছে।

তবে তরুণ ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সে আশার আলো দেখছেন বিন্দ্রা। তাঁর মতে, এই এশিয়াডে একাধিক নতুন মুখ নিজেদের মেলে ধরেছেন। অনেক তরুণ ক্রীড়াবিদ নিজেদের পারফরম্যান্সকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আগামী দিনে ভারতের ক্রীড়াক্ষেত্রের জন্য সেটাই বড় ইতিবাচক দিক।

কিন্তু এখানেই থেমে না থেকে এবার নজর দিতে হবে দীর্ঘমেয়াদি প্রস্তুতিতে। বিন্দ্রার বক্তব্য, কোনও অ্যাথলিট পদকের কাছাকাছি পৌঁছলে তখনই ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। ক্রীড়াবিদদের কেরিয়ারের শুরু থেকেই তাঁদের দুর্বলতা চিহ্নিত করে পরিকল্পিত ভাবে তৈরি করতে হবে।

আধুনিক স্পোর্টস সায়েন্স, তথ্য-নির্ভর প্রশিক্ষণ, সঠিক কোচিং, প্রতিযোগিতার পরিকল্পনা, চোট এড়ানো, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক দৃঢ়তা—সবকিছুর উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর মতে, প্রয়োজনীয় বিশেষজ্ঞ সহায়তা ক্রীড়াবিদদের কাছে পৌঁছতে হবে সঠিক সময়ে, অনেক দেরি হয়ে যাওয়ার পরে নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে। বিন্দ্রার কথায়, অলিম্পিকের আর দু’বছরও বাকি নেই এবং অলিম্পিকের প্রস্তুতির সময়সীমার বিচারে এই সময়টা খুবই কম। যাঁরা ২০২৮ সালে পোডিয়ামে উঠবেন, তাঁরা ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে গিয়েছেন।

তাই এশিয়াডের সাফল্য অবশ্যই উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিন্দ্রা। তবে একই সঙ্গে কোথায় ব্যর্থতা এসেছে, তা সৎ ভাবে বিশ্লেষণ করে দ্রুত কাজে নেমে পড়ার পরামর্শ তাঁর। তাঁর বার্তা স্পষ্ট—উচ্ছ্বাস থাকুক, কিন্তু ২০২৮-এর লক্ষ্যে প্রস্তুতিতে আর দেরি নয়।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved