Homeদেশশহিদ জওয়ানের দেহ নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা, ছেলে-ভাই-ভাইপো-সহ মৃত ৪

শহিদ জওয়ানের দেহ নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা, ছেলে-ভাই-ভাইপো-সহ মৃত ৪

resizeplus_eisamay_2026-10-04_9cqk13lg_Army-1

নিউজ ডেস্ক: এক সেনা জওয়ানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের মধ্যে রয়েছেন প্রয়াত সুবেদার মেজর সত্যবান সিংহের ছেলে, ভাই, ভাইপো এবং অ্যাম্বুল্যান্সের চালক। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে দেওরিয়ার গালিয়া দুদহাইলা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অযোধ্যা-সুলতানপুর সীমানার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হালিয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৭৯.৬ কিলোমিটার পয়েন্টের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুল্যান্সটি। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুল্যান্সের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়।

সেনাবাহিনীতে কর্মরত সুবেদার মেজর সত্যবান সিংহের মৃত্যু হয়েছিল সম্প্রতি। চণ্ডীগড়ে কর্মরত ওই সেনাকর্মীর মরদেহ অ্যাম্বুল্যান্সে করে তাঁর পৈতৃক বাড়ি দেওরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই গাড়িতেই ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। পথে আচমকা এই দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন সত্যবানের ছেলে গৌরব সিংহ, ভাই রাজন চৌধুরী, ভাইপো রাম সমুঝ সিংহ এবং অ্যাম্বুল্যান্স চালক জসপাল সিংহ। পুলিশ জানিয়েছে, গৌরব ও জসপালের মৃত্যু হয় ঘটনাস্থলেই। গুরুতর আহত অবস্থায় রাজন ও রাম সমুঝকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হালিয়াপুর থানার পুলিশ। উদ্ধারকাজের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে ঘটনাস্থলে যান সুলতানপুরের পুলিশ সুপার বিনীত জয়সওয়াল এবং জেলাশাসক ইন্দ্রজিৎ সিংহ। চার মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও।

পুলিশের প্রাথমিক তদন্তে অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সামনে এসেছে। অন্য একটি সূত্রে চালকের ঘুমিয়ে পড়ার সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।

এদিকে সুবেদার মেজর সত্যবানের মরদেহ হালিয়াপুর থানায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি চলছে। যে পরিবারের একজন সদস্যের মরদেহ নিয়ে আপনজনেরা বাড়ি ফিরছিলেন, পথেই সেই পরিবারের আরও তিন সদস্যকে হারানোর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved