Homeপূর্ব বর্ধমানকালনাকালনার ১৭ নম্বর ওয়ার্ডে ‘সেবা সেতু অভিযান’, নাগরিকদের দুয়ারে সরকারি পরিষেবা

কালনার ১৭ নম্বর ওয়ার্ডে ‘সেবা সেতু অভিযান’, নাগরিকদের দুয়ারে সরকারি পরিষেবা

resizeplus_Untitled design (2)

সংবাদদাতা প্রেয়সী কুন্ডু:কালনা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক শিবির ‘সেবা সেতু অভিযান’। সাধারণ মানুষের কাছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবার সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিবিরে সামাজিক সুরক্ষা প্রকল্প, কৃষি সংক্রান্ত সহায়তা-সহ বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন গ্রহণ করা হয়। শুধু নতুন আবেদন নয়, আগে আবেদন করেও কোনও কারণে সরকারি সুবিধা পাননি—এমন নাগরিকদের সমস্যার সমাধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাঁদের জন্য আলাদা টেবিল ও কাউন্টারের ব্যবস্থা করা হয়েছিল।

শিবিরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা যায়। বহু মানুষ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন পরিষেবার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেন এবং নিজেদের সমস্যার কথা প্রশাসনিক কর্মীদের জানান। দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন। সরকারি পরিষেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেও শিবিরে গুরুত্ব দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, সরকারি দফতরে বার বার যাতায়াত না করে নিজেদের এলাকার মধ্যেই বিভিন্ন পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত কাজের সুযোগ পাওয়ায় তাঁদের সময় ও হয়রানি দু’টোই কমেছে। বিশেষ করে প্রবীণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় থাকা নাগরিকদের জন্য এই ধরনের শিবির কার্যকরী বলেই মনে করছেন তাঁরা।

পৌরসভা ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওয়ার্ডের প্রত্যেক যোগ্য নাগরিক যাতে তাঁদের প্রাপ্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই ‘সেবা সেতু অভিযান’-এর অন্যতম প্রধান উদ্দেশ্য। কোনও নাগরিক আগে আবেদন করেও সুবিধা না পেয়ে থাকলে, তাঁর সমস্যার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রশাসনিক পরিষেবাকে আরও নাগরিকবান্ধব করে তুলতে স্থানীয় স্তরে এই ধরনের শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন আয়োজকেরা। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পাশাপাশি, যোগ্য উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

No Comments

আরও পড়ুন

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved