Homeঝাড়গ্রামজঙ্গল লাগোয়া লোকালয়ে মৃত চিতল হরিণ উদ্ধার

জঙ্গল লাগোয়া লোকালয়ে মৃত চিতল হরিণ উদ্ধার

resizeplus_eisamay_2026-09-24_d6a879ar_chital

নিউজ ডেস্ক; জঙ্গল লাগোয়া লোকালয়ে পূর্ণবয়স্ক চিতল হরিণের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের নয়াগ্রামে। বুধবার সকালে খড়িকামাথানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে হরিণটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে। পরে নয়াগ্রাম রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হরিণটি উদ্ধার করে নিয়ে যান।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত হরিণটি একটি পুরুষ চিতল। আনুমানিক বয়স ৮ থেকে ৯ বছর। স্টেডিয়াম থেকে কিছুটা দূরে ঝোপঝাড়ের মধ্যে দেহটি পড়েছিল। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা ছবি ও ভিডিয়ো-সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি হরিণটির মৃত্যুর কারণ খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে।

তবে ঠিক কী কারণে হরিণটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বন দফতরের প্রাথমিক অনুমান, অসুস্থতা অথবা বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নয়াগ্রাম ও আশপাশের এলাকায় ধানের জমিতে সার ও কীটনাশক ব্যবহারের কারণে সেই জমির ফসল বা জল খেয়ে বন্যপ্রাণীর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসবই আপাতত অনুমান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে বন দফতর জানিয়েছে।

নয়াগ্রাম এমনিতেই জঙ্গলঘেরা এলাকা। বন দফতরের দাবি, গত কয়েক বছরে ওই এলাকার জঙ্গলের ঘনত্ব এবং বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। নয়াগ্রাম, চাঁদাবিলা ও কেশররেখার মতো জঙ্গলে নিয়মিত চিতল হরিণের দেখা মেলে। খাবার বা জলের সন্ধানে কখনও কখনও হরিণ দলছুট হয়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে বলেও মনে করছে বন দফতর।

এদিকে, লোকালয়ের কাছে হরিণের আনাগোনা বাড়ায় তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় হরিণের সংখ্যা বাড়ছে। ফলে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। বন দফতর জানিয়েছে, হরিণের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

মৃত হরিণ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। অসুস্থতা, বিষক্রিয়া নাকি অন্য কোনও কারণে মৃত্যু—ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে বন দফতর।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved