Homeজেলাএখনও ঢোকেনি টাকা, হাওড়ায় জারি অন্নপূর্ণা-বিক্ষোভ

এখনও ঢোকেনি টাকা, হাওড়ায় জারি অন্নপূর্ণা-বিক্ষোভ

resizeplus_ChatGPT Image Sep 24, 2026, 03_02_25 PM

নিউজ ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ার অভিযোগে হাওড়ার একাধিক এলাকায় মহিলাদের বিক্ষোভ অব্যাহত। বুধবারও জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ থেকে শুরু করে পঞ্চায়েত ও ব্লক অফিসের সামনে বিক্ষোভের ছবি দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জায়গায় পুলিশ ও র‍্যাফ মোতায়েন করতে হয়।

সাঁকরাইলের ধূলাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বুধবার বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইন ও অফলাইনে আবেদন করার পরও দীর্ঘ সময় কেটে গেলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ক্ষোভে জুজুরসাহা রাজ্য সড়ক অবরোধ করার পাশাপাশি পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীদের একাংশ। বৃষ্টির মধ্যেও চলে এই কর্মসূচি।

খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হাওড়া গ্রামীণের জয়পুর থানার কুলিয়াঘাট এবং আমতা-২ ব্লক অফিসের সামনেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হয়।

জয়পুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তিনটি বুথের মধ্যে একটি বুথের হাতে গোনা কয়েকজন মহিলা টাকা পেলেও বাকি দুই হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি বলে বিক্ষোভকারীদের দাবি। বুধবার সকাল থেকেই শতাধিক মহিলা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এর জেরে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ সমস্যায় পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আমতা-২ ব্লক অফিসের সামনেও একই দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্লকে প্রায় ১১ হাজার মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি।

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা। রাজ্য সরকারের তরফে ১৭ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের টাকা পাঠানোর কথা জানানো হলেও, বিভিন্ন জেলার বহু মহিলা এখনও টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন। প্রশাসনের ব্যাখ্যায়, কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে DBT সংযোগের সমস্যা, কোথাও তথ্যের গরমিল বা আবেদন যাচাইয়ের কারণে টাকা পাঠাতে দেরি হচ্ছে।

হাওড়ায় একের পর এক বিক্ষোভের ঘটনায় পুজোর আগে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে উপভোক্তাদের ক্ষোভ আরও প্রকাশ্যে আসছে। বিক্ষোভকারীদের দাবি, যাঁরা প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য, তাঁদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved