Last updated: September 24th, 2026 at 01:57 pm

নিউজ ডেস্ক : এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে পদকের আশা নিয়ে কোর্টে নেমেও কোয়ার্টার ফাইনালেই থামল ভারতের মহিলা দলের অভিযান। আয়োজক জাপানের কাছে ১–৩ ব্যবধানে হেরে গেল পিভি সিন্ধুর নেতৃত্বাধীন ভারতীয় দল।
এর আগে কাজাখস্তানের বিরুদ্ধে দারুণ জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত। মহিলাদের দলগত বিভাগের রাউন্ড অফ ১৬-তে ভারত ৩–০ ব্যবধানে কাজাখস্তানকে হারায়। পিভি সিন্ধু, উন্নতি হুড্ডা এবং তানভি শর্মা – তিন ভারতীয় শাটলারই নিজেদের সিঙ্গলস ম্যাচ জিতে দলকে শেষ আটে পৌঁছে দেন।
কাজাখস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দাপট দেখান সিন্ধু। কামিলা স্মাগুলোভার বিরুদ্ধে ২১–৭, ২১–৯ ব্যবধানে জয় পান তিনি। এরপর উন্নতি হুড্ডা আলিসা কুলেশোভাকে ২১–৭, ২১–১০ এবং তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে ২১–৫, ২১–১০ হারিয়ে ভারতকে সরাসরি ৩–০ জয় এনে দেন।
কিন্তু কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছিল অনেক কঠিন পরীক্ষা। জাপানের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসেই নামেন পিভি সিন্ধু। আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে শুরুতে লড়াই করলেও শেষ পর্যন্ত ২৩–২১, ১৮–২১, ৬–২১ ব্যবধানে পরাজিত হন সিন্ধু।
এরপর উন্নতি হুড্ডাও নিজের ম্যাচে জয় পাননি। ভারতীয় জুটির মধ্যে ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ডাবলসে জয় এনে দিয়ে লড়াইয়ে ফেরার আশা তৈরি করেছিলেন। কিন্তু পরের সিঙ্গলসে তানভি শর্মা নোজোমি ওকুহারার কাছে হারায় ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়।
কাজাখস্তানের বিরুদ্ধে শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু জাপানের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ভারতীয় মহিলা দল। ফলে এশিয়ান গেমসে মহিলা দলগত ব্যাডমিন্টনে ভারতের পদকের অপেক্ষা আরও বাড়ল।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments