Last updated: September 22nd, 2026 at 02:16 pm

নিউজ ডেস্ক; অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকার আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে হাওড়া ও হুগলির একাধিক এলাকায় বিক্ষোভের ঘটনা সামনে এল। সোমবার হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়ণপুর-সহ বিভিন্ন জায়গায় মহিলারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। একই ভাবে হুগলির পোলবাতেও পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে ৩ হাজার টাকা DBT-এর মাধ্যমে দেওয়ার কথা। ২০২৬ সালের ১ জুন থেকে এই আর্থিক সহায়তা কার্যকর হওয়ার কথা জানানো হয়েছিল।
তবে একাধিক আবেদনকারী মহিলার অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করার পরেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। কোথাও আবেদন ‘প্রক্রিয়াধীন’, কোথাও আবার নথি যাচাইয়ের সমস্যার কারণে টাকা আটকে রয়েছে বলে অভিযোগ। সাম্প্রতিক বিক্ষোভগুলিতে প্রশাসনের তরফে নথি যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
হাওড়ার উদয়নারায়ণপুরে সোমবার মহিলাদের একাংশ হাওড়া-ডিহিভূরসুট ভায়া উদয়নারায়ণপুর রাজ্য সড়কের শ্যাওড়াবেড়িয়া এলাকায় রাস্তা অবরোধ করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীরা রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে নিত্যযাত্রীদের পাশাপাশি পরীক্ষার্থীদেরও সমস্যায় পড়তে হয়।
অবরোধের খবর পেয়ে উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের তরফে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হলেও প্রথমে তাঁরা অবরোধ তুলতে রাজি হননি বলে জানা যায়। পরে ব্লক প্রশাসনের এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় শেষ পর্যন্ত অবরোধ ওঠে।
বিক্ষোভকারীদের দাবি, কয়েক মাস আগে তাঁরা অনলাইনে এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও টাকা পাননি। স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও দফতরে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।
এক বিক্ষোভকারী বলেন, ‘‘চার মাস ধরে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিসে বার বার গেলেও কেউ আমাদের কথা শোনেননি।’’
এর পর উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার বাড়ির সামনেও মহিলাদের বিক্ষোভের খবর পাওয়া যায়। উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতর এবং উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও অফিসেও একই দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
হুগলির পোলবাতেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হয়। সুগন্ধা গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তালা দিয়ে প্রতিবাদ করেন বলে অভিযোগ। তাঁদের দাবি, কয়েক মাস ধরে তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে।
অন্যদিকে, রাজ্য সরকার ও বিজেপির তরফে বলা হচ্ছে, আবেদনকারীদের নথিপত্র ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। যাঁরা প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য, তাঁদের টাকা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা জানানো হয়েছে।
ফলে একদিকে সরকারের তরফে টাকা পাঠানোর দাবি, অন্যদিকে একাধিক জেলার মহিলাদের টাকা না পাওয়ার অভিযোগ—দুইয়ের মধ্যে তৈরি হয়েছে ফারাক। পুজোর আগে সেই ক্ষোভই এখন রাস্তায় নেমে আসছে বলে দেখা যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার আবেদন, নথি যাচাই এবং DBT সংক্রান্ত সমস্যাগুলি কত দ্রুত মেটে, এখন সেদিকেই নজর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments