Last updated: September 1st, 2026 at 05:27 pm

নিউজ ডেস্ক: যুদ্ধের আঁচ, বিশ্ববাজারে তেলের ঝাঁঝ, আর একের পর এক অর্থনৈতিক অনিশ্চয়তা—সবকিছুর মাঝেও ভারতীয় অর্থনীতির গতি থামল না। বরং প্রত্যাশার থেকেও ভালো ফল। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে GDP growth ৭.৮ শতাংশ!
বিশ্ব অর্থনীতিতে যখন অনিশ্চয়তার মেঘ, তখন ভারতের আকাশে বৃদ্ধির রোদ!
এপ্রিল থেকে জুন—চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের GDP বেড়েছে ৭.৮ শতাংশ। গত বছরের একই সময়ে বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ।
শুধু তাই নয়, এই ফল RBI-এর ৭ শতাংশ পূর্বাভাস এবং বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে।
তাহলে এই দৌড়ের পিছনে কারা?
মূলত পরিষেবা এবং শিল্প বা secondary sector-এর শক্তিশালী পারফরম্যান্স GDP-কে গতি দিয়েছে। প্রথম ত্রৈমাসিকে প্রকৃত GVA বেড়েছে ৮.২ শতাংশ। পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি প্রায় ১০ শতাংশ, secondary sector-এ ৮.৬ শতাংশ।
দেশের বিনিয়োগের ছবিও আশাব্যঞ্জক। Gross Fixed Capital Formation বা GFCF বেড়েছে ১১.৯ শতাংশ। অর্থাৎ অর্থনীতিতে বিনিয়োগের গতি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সাধারণ মানুষের খরচও বেড়েছে। Private Final Consumption Expenditure বা PFCE বৃদ্ধি পেয়েছে ৭.১ শতাংশ। একই সঙ্গে রফতানি বেড়েছে ১২ শতাংশ।
প্রকৃত GDP-র আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮১.৩৬ লক্ষ কোটি টাকা। Nominal GDP-ও বেড়েছে ১০.৩ শতাংশ।
এই পরিসংখ্যান সামনে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, চড়া তেলের দাম এবং সরবরাহ সঙ্কটের মধ্যেও দেশবাসীর সম্মিলিত শক্তিই এই বৃদ্ধিকে সম্ভব করেছে।
তবে ছবির অন্য দিকও আছে।
ভারত তার প্রয়োজনীয় crude oil-এর ৮৫ শতাংশেরও বেশি আমদানি করে। ফলে তেলের দাম যদি দীর্ঘদিন ৯০ ডলারের উপরে থাকে, বাড়তে পারে উৎপাদন ও পরিবহণের খরচ। প্রভাব পড়তে পারে আগামী ত্রৈমাসিকগুলির বৃদ্ধিতে।
অর্থাৎ, প্রথম ইনিংসে ৭.৮ শতাংশের দুরন্ত ব্যাটিং ভারতীয় অর্থনীতির। এখন বড় প্রশ্ন—বিশ্ব সঙ্কট আর চড়া তেলের চাপ সামলে এই গতি কি ধরে রাখতে পারবে ভারত?
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments