Last updated: August 29th, 2026 at 11:06 am

নিউজ ডেস্ক: দিল্লির তিলকনগরে একুশ বছরের মডেল তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুসকানকে নৃশংসে খুনের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজৌরি গার্ডেন এলাকায় একটি জমজমাট ‘এনকাউন্টারের’ পর ইমরান নামে এক জিম প্রশিক্ষককে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, আত্মরক্ষার্থে চালানো গুলিতে অভিযুক্ত ইমরানের দু’পায়ে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় তিলকনগরে নিজের বাড়িতে একাই ছিলেন মুসকান। সেই সময় ইমরান সেখানে উপস্থিত হয়। অভিযোগ, বেশ কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটির মধ্যেই চরম উত্তেজনার বশে একটি ধারালো ছুরি দিয়ে মুসকানের শরীরের একাধিক জায়গায় এলোপাথাড়ি কোপ মারে ইমরান। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত তরুণী মেঝেতেই লুটিয়ে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। পরে বাড়ির পরিচারিকা দোতলার ঘরে মুসকানকে ওই আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পাওয়ামাত্রই আততায়ীকে ধরতে কয়েকটি বিশেষ টিম গঠন করে দিল্লি পুলিশ। শুরু হয় লাগাতার তল্লাশি। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে রাজৌরি গার্ডেন এলাকায় ইমরানকে ঘিরে ফেলে পুলিশ। ধরে পড়ার মুখে পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হলে দু’পক্ষের গোলাগুলিতে আহত হয় অভিযুক্ত।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গত দেড় বছর ধরে মুসকান ও ইমরানের পরিচয় ছিল। কিন্তু গত দু’মাস ধরে মুসকান অন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে সন্দেহ করছিল ইমরান। সেই সম্পর্কের টানাপোড়েন ও রাগ থেকেই কি এই খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর উদ্দেশ্য রয়েছে— ইমরানকে হেফাজতে নিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
contact@ngtvnews.com
+৯১ ৮৪২০৬৫৮৯৯৯
আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
কলেজ মোড়, সেক্টর ৫
কলকাতা - ৭০০০৯১
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments