Homeজেলা৬ সড়ক প্রকল্পে ১০৪২ কোটি বরাদ্দ কেন্দ্রের, বদলাবে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার চেহারা

৬ সড়ক প্রকল্পে ১০৪২ কোটি বরাদ্দ কেন্দ্রের, বদলাবে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার চেহারা

নিউজ ডেস্ক ; পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। ২০২৬-২৭ অর্থবর্ষে সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (CRIF)-এর আওতায় রাজ্যের ছ’টি সড়ক প্রকল্পের জন্য মোট ১,০৪২.৬২ কোটি
eisamay_2026-09-16_uooa9rn8_nagy-szabi-RsjQl8dLnfw-unsplash

নিউজ ডেস্ক ; পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। ২০২৬-২৭ অর্থবর্ষে সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (CRIF)-এর আওতায় রাজ্যের ছ’টি সড়ক প্রকল্পের জন্য মোট ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। রাজ্যের পূর্ত দফতরকে ১৫ সেপ্টেম্বর অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই ছ’টি প্রকল্পের জন্য মোট ১,১১০.৫৩ কোটি টাকা চাওয়া হয়েছিল। প্রকল্পগুলি পর্যালোচনার পরে কেন্দ্রীয় মন্ত্রক সংশোধিত হিসাবে ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করেছে। সব মিলিয়ে প্রায় ১৯৪.১০ কিলোমিটার রাস্তা চওড়া করা, শক্তিশালী করা ও সংস্কারের কাজ হওয়ার কথা। কোথাও সেতু ও কালভার্ট, কোথাও নিকাশি এবং রাস্তার সুরক্ষা পরিকাঠামোর কাজও হবে।

অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর–চান্ডাকিয়ারি সড়ক। প্রায় ২৮.৩০ কিলোমিটার অংশ উন্নত করে দুই লেনের রাস্তা ও পেভড শোল্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ২২৬.৬৬ কোটি টাকা

কোচবিহারে চ্যাংরাবান্ধা–জামালদহ–মাথাভাঙা এবং মাথাভাঙা–কোচবিহার রোডের মোট ৪১.৩০ কিলোমিটার অংশ চওড়া ও শক্তিশালী করার জন্য বরাদ্দ হয়েছে ১৯০.২৯ কোটি টাকা

পূর্ব বর্ধমানেও রয়েছে দু’টি প্রকল্প। মন্তেশ্বর–দাঁইহাট রোডের ২৪.৫০ কিলোমিটার অংশের উন্নয়নে অনুমোদন দেওয়া হয়েছে ১৩৯ কোটি টাকা। অন্যদিকে বর্ধমান–কাটোয়া রোডের ৪৬.৬০ কিলোমিটার অংশ সম্প্রসারণ ও শক্তিশালী করার পাশাপাশি কালভার্ট, সুরক্ষা এবং নিকাশি পরিকাঠামোর কাজ হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ ১৫৬.৬৯ কোটি টাকা

হুগলিতে মগরা–সুলতানগাছা এবং সুলতানগাছা–খানপুর–দশঘরা রোডের মোট ৪১ কিলোমিটার অংশের উন্নয়নের জন্য অনুমোদিত হয়েছে ১৮১.৮৯ কোটি টাকা। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় বিষ্ণুপুর–বেলিয়াঘাটা রোডের ১২.৪০ কিলোমিটার অংশ চওড়া ও শক্তিশালী করার পাশাপাশি সেতু সংক্রান্ত কাজেও বরাদ্দ হয়েছে ১৪৮.০৮ কোটি টাকা

কেন্দ্রের অনুমোদনপত্রে প্রকল্পের কাজের পরিধি প্রশাসনিক অনুমোদনের বাইরে পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দায়িত্বও রাজ্য সরকারের উপর রাখা হয়েছে। CRIF-এর নিয়ম ও সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হবে।

এই ছ’টি প্রকল্পের কাজ শেষ হলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপথে যোগাযোগ পরিকাঠামোর উন্নতি হওয়ার কথা। বিশেষ করে রাস্তা চওড়া করা, সেতু-কালভার্ট এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন হলে যান চলাচল ও পণ্য পরিবহণে তার প্রভাব পড়তে পারে।

No Comments

Copyright 2026 NGTV News. All rights reserved