Last updated: September 16th, 2026 at 03:20 pm

নিউজ ডেস্ক ; চার বছরের শিশুর মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতি ও পরিষেবাগত ত্রুটির অভিযোগ। তদন্ত কমিটির রিপোর্ট সামনে আসার পর এবার বর্ধমানের একটি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর। নবাবহাট এলাকার ‘লাইফ কেয়ার’ নার্সিংহোমের সমস্ত পরিষেবা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর ওই নার্সিংহোমে চার বছরের এক শিশুর মৃত্যু হয়। শিশুটির পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। অভিযোগ সামনে আসার পর ঘটনার সঙ্গে সম্পর্কিত চিকিৎসা সংক্রান্ত নথি ও অন্যান্য তথ্য চাওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তকারী কমিটিও গঠন করা হয়েছিল।
এর পরেই ৫ সেপ্টেম্বর নার্সিংহোমটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার পর আরও কড়া সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। রিপোর্টে রোগীর নিরাপত্তা এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুতর ত্রুটি ও গাফিলতির বিষয় উঠে এসেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন।
নতুন নির্দেশ অনুযায়ী, নার্সিংহোমে শুধু ভর্তি বন্ধ নয়, কার্যত সব ধরনের পরিষেবাই স্থগিত রাখতে হবে। এর মধ্যে রয়েছে বহির্বিভাগ বা OPD, আন্তঃবিভাগ বা IPD, অপারেশন থিয়েটার, লেবার রুম এবং জরুরি পরিষেবা। স্বাস্থ্য দফতরের নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
এই ঘটনার পর রাজ্যে অননুমোদিত নার্সিংহোম এবং ভুয়ো চিকিৎসকদের নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। শিশুমৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে কৌশিক দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরও কয়েক জন চিকিৎসকের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। তাঁদের যোগ্যতা ও রেজিস্ট্রেশন যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
স্বাস্থ্য দফতরের তরফে স্পষ্ট বার্তা, নির্ধারিত নিয়ম ও গাইডলাইন মেনেই নার্সিংহোম চালাতে হবে। চিকিৎসা পরিষেবায় কোনও ধরনের অনিয়ম বা রোগীর নিরাপত্তার সঙ্গে আপসের অভিযোগ উঠলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এখন নজর পরবর্তী তদন্তের দিকে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ, চিকিৎসা পরিষেবায় কোথায় ত্রুটি হয়েছিল এবং ঘটনায় কারও নির্দিষ্ট ভূমিকা ছিল কি না—তদন্ত ও আইনি প্রক্রিয়াতেই তার উত্তর মিলবে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments