Homeরাজ্য৩১ অগস্টের পরও চাকরি? যোগ্য শিক্ষকদের মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে

৩১ অগস্টের পরও চাকরি? যোগ্য শিক্ষকদের মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক : যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষকরা। নিয়োগ প্রক্রিয়া
resizeplus_12

নিউজ ডেস্ক : যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষকরা। নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় ৩১ অগস্টের পরেও যোগ্য শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। দুই পক্ষের আবেদনই শুনতে রাজি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ৩১ অগস্টের আগেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রায় ১৭ হাজার যোগ্য শিক্ষক ৩১ অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন। একই সময়সীমার মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়াও শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ না হওয়ায় এবার সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তাঁদের বক্তব্য, ৩১ অগস্টের পরেও যাতে যোগ্য শিক্ষকরা চাকরিতে থাকতে পারেন, সে বিষয়ে আদালতের নির্দেশ প্রয়োজন। একই আবেদন জানিয়েছে রাজ্য সরকারও। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে রাজ্যের তরফে।

এদিকে, ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলার জট এখনও কাটেনি। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছে না বলে জানা যাচ্ছে। সংরক্ষণ সংক্রান্ত নিয়ম কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েও আইনজীবীদের পরামর্শ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন।

উল্লেখ্য, আগের সরকারের আমলে নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট যোগ্য প্রার্থীদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ দেয় এবং সেই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়।

এরই মধ্যে ২০২৫ সালে নতুন করে SLST পরীক্ষা নেওয়া হয়। একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের জন্য সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে নিয়োগের বিভিন্ন ধাপ এখনও সম্পূর্ণ হয়নি।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সংরক্ষণ নীতি নিয়ে। আগের ব্যবস্থায় OBC সংরক্ষণের হার ছিল ১৭ শতাংশ। বর্তমানে তা ৭ শতাংশে নেমেছে। নতুন সংরক্ষণ বিধি মেনে নিয়োগ কীভাবে হবে, পাশাপাশি পুরনো নিয়মে যাঁরা ইতিমধ্যে সুপারিশপত্র পেয়েছেন তাঁদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এই বিষয়গুলিই এখন আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করছে SSC।

ফলে ৩১ অগস্টের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যোগ্য শিক্ষকদের চাকরি এবং নতুন নিয়োগ—দুই বিষয়েই সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের দিকে নজর রয়েছে।

No Comments

তাজা খবর