Last updated: October 2nd, 2026 at 03:53 pm

নিউজ ডেস্ক: সিউড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অনুব্রত মণ্ডলকে ঘিরে উত্তেজনার ঘটনায় আটক তিন জনকে বৃহস্পতিবার ভোরে ছেড়ে দিল পুলিশ। অভিযোগ দায়ের না হওয়ায় তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও মামলা করা হয়নি বলে জানা গিয়েছে। আটক তিন জনের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় সিউড়ি থানার পুলিশ আকাশ দেবনাথ, ঋষভ গৌর নামে দুই যুবক এবং এক নাবালককে আটক করেছিল। পরে অভিযোগ দায়ের না হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে দলের নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অরূপ বিশ্বাস, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রনাথ সিংহ-সহ একাধিক নেতা। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় পুলিশ কেন স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করল না? তাঁর কথায়, ‘‘পুলিশ সুয়োমোটো অভিযোগ করেনি কেন, কে বারণ করেছিল?’’ যদিও এই অভিযোগ নিয়ে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এ দিন সাংবাদিক বৈঠকে দলের তরফে আরও জানানো হয়, আগামী ৯ অক্টোবর অনুব্রত মণ্ডল ফের সিউড়ির দলীয় কার্যালয়ে যাবেন। বিরোধী দলনেতা বলেন, ‘‘কেউ ঠেকাতে পারবে না। আক্রমণ হলে আমরা যা করার করব।’’ তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অন্য দিকে, মদন মিত্র অনুব্রত মণ্ডলের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘‘অনুব্রত মণ্ডল বাঘ, নাকি বাঘের ছাল পড়া কেউ, তা প্রমাণ হয়ে গিয়েছে।’’ তাঁর দাবি, ঘটনার সময় অনুব্রত মণ্ডল পরিস্থিতি সামলে ধৈর্য দেখিয়েছেন।
ঘটনার পর আটক তিন জনের পরিবারের আর্থিক অবস্থাও সামনে এসেছে। জানা গিয়েছে, তিন জনের কারও পরিবারই বাড়ি তৈরির জন্য সরকারি সহায়তা পায়নি বলে দাবি করেছে। নাবালকের বাবা রাস্তার ধারে জামাকাপড় ইস্ত্রি করে সংসার চালান। তিনি বলেন, তাঁর ছেলে পড়াশোনা করে এবং কেন এমন ঘটনায় জড়িয়ে পড়ল, তা তিনি বুঝতে পারছেন না।
ঋষভ গৌরের বাড়িতেও আর্থিক অনটনের ছবি দেখা গিয়েছে। বাড়ির ছাউনি ত্রিপলের। তাঁর মা কান্তি গৌর বলেন, ‘‘আমার ছেলে অন্যায় করেছে। তবে এটুকু বলতে পারি, ও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।’’
অন্য দিকে, বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেছেন, দলীয় কার্যালয়ে হামলার পরেও অনুব্রত মণ্ডল হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। তাঁর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে দায় চাপিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের নেতারা ঘটনার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
সিউড়ির এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা পেয়েছে। পুলিশের তরফে আটক তিন জনকে ছেড়ে দেওয়ার পরও দলীয় কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ দায়ের না হওয়া এবং পরবর্তী কর্মসূচি নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments