Last updated: October 4th, 2026 at 06:59 pm

নিউজ ডেস্ক:কলকাতার এক বিলাসবহুল হোটেলের লবিতে মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ ও হেনস্থার অভিযোগ। এই ঘটনায় ৫৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর ৭৪ ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ৪ অক্টোবর মামলা দায়ের করা হয়। অভিযোগকারিণীর দাবি, ওই দিন রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তিনি এবং নাগাল্যান্ডের এক সঙ্গী শহরের ওই হোটেলের লবিতে ছিলেন। সেই সময় তাঁরা ব্রাজিলের ফুটবল দলের সদস্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
অভিযোগ, সেই সময়ই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের কাছে এসে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ঘটনায় অস্বস্তি ও হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন মহিলা।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে প্রগতি ময়দান থানার পুলিশ। হোটেলের লবিতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজ দেখিয়ে অভিযোগকারিণীর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এরপর সিসিটিভি ফুটেজের সাহায্যে ওই ব্যক্তির গতিবিধি অনুসরণ করে পুলিশ। তদন্তকারীদের দাবি, হোটেলের একটি ঘর থেকেই তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
ঘটনার তদন্তে এখন সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঠিক কী পরিস্থিতিতে ওই ঘটনা ঘটেছিল, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে অভিযোগকারিণীর আগে কোনও পরিচয় ছিল কি না এবং ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, কলকাতার হোটেলে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাতের দিকে শহরের বিভিন্ন হোটেল ও বিনোদনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments