Homeনদিয়ারানাঘাটরানাঘাটে কড়া নিরাপত্তায় শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, উদ্বেগে অভিভাবকেরা

রানাঘাটে কড়া নিরাপত্তায় শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, উদ্বেগে অভিভাবকেরা

নিউজ ডেস্ক : কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে সোমবার রাজ্যজুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। প্রথম দিন বাংলা পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রগুলিতে সকাল থেকেই ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।
WhatsApp Image 2026-09-21 at 5.32.33 AM

নিউজ ডেস্ক : কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে সোমবার রাজ্যজুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। প্রথম দিন বাংলা পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রগুলিতে সকাল থেকেই ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস দেখা গেলেও, সন্তানদের পরীক্ষা নিয়ে বাইরে অপেক্ষারত অভিভাবকদের মধ্যে ছিল যথেষ্ট উদ্বেগ।

এ বছর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যজুড়ে মোট ২,১০৫টি ভেনু এবং ৮২৫টি মূল কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নকল রুখতে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য দু’জন করে পরিদর্শক রাখার ব্যবস্থা করা হয়েছে।

রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “সব পরীক্ষার্থী যেন ভালো ফল করে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনাই রইল।”

রানাঘাটের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রথম দিন মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বড় কোনও সমস্যার খবর পাওয়া যায়নি।

এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর ইংরেজি পরীক্ষা। মোট ছয় দিন ধরে চলবে এই সেমিস্টার পরীক্ষা। ফলে বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরই পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন পড়ুয়ারা।

তবে পরীক্ষার্থীদের তুলনায় অভিভাবকদের উদ্বেগ যেন আরও বেশি। অনেকের বক্তব্য, নিজের পরীক্ষার সময়ের তুলনায় সন্তানের পরীক্ষা নিয়ে মানসিক চাপ অনেকটাই বেশি থাকে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও সন্তানরা ভালো ফল করবে—এই প্রত্যাশাতেই পরীক্ষার দিনগুলিতে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন তাঁরা।

প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ায় আপাতত স্বস্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। সামনে আরও পরীক্ষা। তাই আত্মবিশ্বাস ধরে রেখে প্রস্তুতিতে ফিরছেন পড়ুয়ারা।

No Comments