
নিউজ ডেস্ক; মন্দারমণির মোহনায় সমুদ্রে স্নান করতে নেমে ভয়াবহ দুর্ঘটনা। জোয়ারের প্রবল স্রোতে তলিয়ে মৃত্যু হল ১০ বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে ১৮ বছরের বৃষ্টির দেহ। এখনও নিখোঁজ তাঁর স্বামী, শান্তিপুরের বাসিন্দা সুমন শীল (২৪)। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে নদিয়ার শান্তিপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দীঘা থেকে টোটো ভাড়া করে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন শান্তিপুরের বাসিন্দা সুমন শীল ও তাঁর স্ত্রী বৃষ্টি শীল। তাঁদের সঙ্গে ছিলেন পরিচিত ১০ বছরের শিশু সোমনাথ হালদার। সোমনাথের আদি বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জে হলেও বর্তমানে সে পরিবারের সঙ্গে দীঘায় থাকত।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিকেল নাগাদ মন্দারমণির মোহনা এলাকায় সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল ছিল। তা সত্ত্বেও তিনজন জলে নামেন। কিছুক্ষণের মধ্যেই জোয়ারের প্রবল স্রোত তাঁদের গভীর জলের দিকে টেনে নিয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কর্তব্যরত লাইফগার্ডরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
উদ্ধারকারীরা আশঙ্কাজনক অবস্থায় সোমনাথকে জল থেকে তুলে আনেন। এরপর তাকে বালিসাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার সকালে বৃষ্টি শীলের দেহ উদ্ধার করা হয়। তবে সুমন শীলের এখনও কোনও সন্ধান মেলেনি। তাঁর খোঁজে পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।
দুর্ঘটনার খবর শান্তিপুরে পৌঁছতেই সুমনের পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সুমনের ভাই সৌরভ শীল জানান, দাদার মোবাইলে ফোন করলে এক অপরিচিত ব্যক্তি দুর্ঘটনার খবর দেন। ফোনে জানানো হয়, জলে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং সুমনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে বৃষ্টির দেহ উদ্ধারের খবরও পরিবার জানতে পারে।
পরিবারের দাবি, সুমন দিল্লিতে কাজ করতেন। সম্প্রতি তিনি কোথায় এবং কার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত জানা ছিল না।
সুমনের মা ভানু শীল জানান, গত এক বছর ধরে ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ খুবই সীমিত ছিল। প্রায় এক মাস আগে শেষবার ফোনে তাঁর সঙ্গে সামান্য কথা হয়েছিল। ছেলের এমন মর্মান্তিক পরিণতির আশঙ্কায় পরিবারের সদস্যরা কার্যত বাকরুদ্ধ।
এদিকে, মন্দারমণির মোহনায় একসঙ্গে তিনজনের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় পর্যটকদের সমুদ্রস্নানের নিরাপত্তা নিয়েও ফের প্রশ্ন উঠেছে। নিখোঁজ সুমনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments