Last updated: October 3rd, 2026 at 12:29 pm

নিউজ ডেস্ক, নন্দীগ্রাম: বাংলার রাজনীতিতে নন্দীগ্রামের নাম উচ্চারিত হলেই ফিরে আসে জমি আন্দোলনের স্মৃতি। ২০০৭ সালের সেই আন্দোলনই একসময় রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছিল। সেই আন্দোলনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক স্থানীয় নেতা সরাসরি যুক্ত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। ২০২৬-এর পালাবদরের পর নন্দীগ্রামের সেই পুরনো রাজনৈতিক ছবিতেও এসেছে বড় পরিবর্তন।
জমি অধিগ্রহণের প্রতিবাদকে কেন্দ্র করে নন্দীগ্রামে যে আন্দোলন গড়ে উঠেছিল, তা ক্রমে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’-কে ঘিরে বিভিন্ন রাজনৈতিক শক্তি এক মঞ্চে এসেছিল। তৃণমূলের পাশাপাশি বামপন্থী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকরাও সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরবর্তী সময়ে এই আন্দোলনই তৃণমূলের রাজনৈতিক উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।
নন্দীগ্রামের সেই সময়ের পরিচিত তৃণমূল নেতাদের মধ্যে ছিলেন শেখ সুফিয়ান, আবু তাহের, স্বদেশ দাস-সহ একাধিক স্থানীয় নেতা। অধিকারী পরিবারের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শিশির অধিকারী জমি আন্দোলনের প্রসঙ্গে একাধিক নেতার নাম উল্লেখ করেছেন। সেই বক্তব্যকে ঘিরেই ফের আলোচনায় এসেছে, আন্দোলনের সময়কার নেতৃত্ব এবং পরবর্তী রাজনৈতিক অবস্থানের পার্থক্য।
তবে বর্তমানে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে জয়ী হয়েছেন। তৃণমূলের প্রার্থী পবিত্র কর দ্বিতীয় স্থানে ছিলেন। ফলে একসময় যে নন্দীগ্রাম তৃণমূলের রাজনৈতিক আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেই কেন্দ্রেই এখন দলের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
এর আগে বিভিন্ন নির্বাচনেও নন্দীগ্রামে তৃণমূলের সংগঠন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ও স্থানীয় নেতৃত্বের অসন্তোষের খবর সামনে এসেছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে দলের প্রার্থী তালিকা ঘিরে নন্দীগ্রামে একাধিক তৃণমূল নেতা-কর্মীর বিক্ষোভের ঘটনাও প্রকাশ্যে এসেছিল।
ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যে মাটি একসময় তৃণমূলের আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি ছিল, সেখানে সেই সময়ের ‘যোদ্ধা’দের কতটা সক্রিয় উপস্থিতি রয়েছে? আন্দোলনের ইতিহাস থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা যে অনেকটাই বদলে গিয়েছে, নন্দীগ্রামের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তারই ইঙ্গিত মিলছে। তবে এই পরিবর্তনকে কীভাবে স্থানীয় মানুষ দেখছেন, আগামী দিনের রাজনীতিতে তার প্রভাব কতটা পড়বে—সেটাই এখন নজরে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments