Last updated: October 3rd, 2026 at 02:29 pm

নিউজ ডেস্ক: নদীবাঁধে আচমকা বড়সড় ধস। বিস্তীর্ণ অংশে দেখা দিয়েছে ফাটল। বিকট শব্দে বাঁধের প্রায় ২০০ ফুট অংশ ধসে পড়তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। যে কোনও মুহূর্তে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় উদ্বেগে পাথরপ্রতিমার তারানগর টেকারঘাট এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই নদীবাঁধের একটি বড় অংশে ধস নামে। ধসের পাশাপাশি বাঁধের বিস্তীর্ণ এলাকায় ফাটলও দেখা দিয়েছে বলে স্থানীয়দের দাবি। নদীর জলস্তর বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বাঁধ ভেঙে জল ঢুকলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁদের বক্তব্য।
ঘটনার পর থেকেই বাঁধের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাঁধের দুর্বল অংশ নিয়ে আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়েছিল বলে দাবি তাঁদের। কিন্তু সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাঁধের এই পরিস্থিতির জন্য প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিকরা। তাঁদের সামনে বাঁধের ধসে যাওয়া অংশ এবং ফাটলগুলি দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত মেরামতির দাবি জানিয়ে আধিকারিকদের কাছে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরেন তাঁরা।
স্থানীয়দের বক্তব্য, নদীর জলস্তর বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করা প্রয়োজন। শুধু ধসের জায়গাটি মেরামত করলেই হবে না, বাঁধের যে সমস্ত অংশে ফাটল দেখা দিয়েছে, সেগুলিও পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখার পর সেচ দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা ধসের মূল অংশটি দ্রুত মেরামতের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষতিগ্রস্ত অংশ কী ভাবে মেরামত করা হবে, তা নিয়েও প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এখন নজর বাঁধ মেরামতির কাজ কত দ্রুত শুরু হয় এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, তার দিকে। নদীবাঁধের এই বিপজ্জনক পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা দ্রুত কাটাতে প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় তারানগর টেকারঘাটের মানুষ।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments