Homeকলকাতাদুই তৃণমূল শিবিরকেই সভার অনুমতি হাইকোর্টের, ২৮ অগস্ট ১৫০০ সমর্থক নিয়ে কর্মসূচি

দুই তৃণমূল শিবিরকেই সভার অনুমতি হাইকোর্টের, ২৮ অগস্ট ১৫০০ সমর্থক নিয়ে কর্মসূচি

Untitled design

নিউজ ডেস্ক : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে কলকাতায় সভা করার অনুমতি পেল তৃণমূলের দুই শিবিরই। আগামী ২৮ অগস্ট, শুক্রবার, পৃথক জায়গায় কর্মসূচি করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সর্বাধিক ১৫০০ জন সমর্থক নিয়ে সভা করতে পারবে দুই পক্ষ।

আদালতের নির্দেশ অনুযায়ী, ‘কালীঘাট তৃণমূল’ বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সভা করতে পারবে। অন্যদিকে ‘ঋতব্রত তৃণমূল’-কে রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা চলবে। যান চলাচল স্বাভাবিক রাখতে দুই রাস্তারই একটি করে দিক খোলা রাখতে বলা হয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরই কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে বড় কর্মসূচি করে তৃণমূল। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যও থাকে। এ বার দলীয় বিভাজনের আবহে একই জায়গায় কর্মসূচি করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল দুই শিবির।

‘কালীঘাট তৃণমূল’-এর হয়ে আদালতে আবেদন করেন প্রিয়াঙ্কা অধিকারী। অন্যদিকে একই জায়গায় কর্মসূচির অনুমতি চেয়ে মামলা করে ‘ঋতব্রত তৃণমূল’-ও। দুই পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতেই পৃথক জায়গায় সভার অনুমতি দিয়েছে আদালত।

শুনানিতে আদালতের তরফে আগের ২১ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গও উঠে আসে। সেই সময় তৃণমূলের দুই শিবিরকেই পৃথক ভাবে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। সেই নজিরের ভিত্তিতেই এ বারও দুই পক্ষকে সভার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে মেয়ো রোডে কর্মসূচির অনুমতি না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, সভার আয়োজনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও পরিষেবা প্রদানকারীদের উপর চাপ তৈরি করা হচ্ছে। সভা করার জন্য কেন আদালতের অনুমতির প্রয়োজন হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

অন্যদিকে, নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে ‘ঋতব্রত তৃণমূল’ মেয়ো রোডে ‘কালীঘাট তৃণমূল’-এর কর্মসূচির অনুমতি না দেওয়ার আবেদন জানিয়েছিল।

এক সময় মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রধান কর্মসূচি হত। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর দলের অভ্যন্তরীণ সমীকরণও বদলেছে। সেই টানাপড়েনের প্রভাব পড়ছে দলীয় কর্মসূচিতেও। সভা করার জায়গা ও অনুমতি নিয়েও দুই শিবিরের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে এবং একাধিক ক্ষেত্রে বিষয়টি গড়াচ্ছে আদালত পর্যন্ত।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved