Homeরাজ্যদশ বছরে UPI, মুদিখানা থেকে রেস্তোরাঁ—ভারতের ডিজিটাল লেনদেনে বিপ্লবের নয়া অধ্যায়

দশ বছরে UPI, মুদিখানা থেকে রেস্তোরাঁ—ভারতের ডিজিটাল লেনদেনে বিপ্লবের নয়া অধ্যায়

resizeplus_Untitled design (1)

নিউজ ডেস্ক : স্মার্টফোন হাতে নিয়ে কয়েক সেকেন্ডেই টাকা পাঠানো এখন ভারতের দৈনন্দিন জীবনের অঙ্গ। পাড়ার মুদিখানা থেকে রেস্তোরাঁ, ছোট দোকান থেকে বড় ব্যবসা—নগদের বদলে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে UPI। ২০১৬ সালে পথচলা শুরু করা এই পরিষেবা মঙ্গলবার, ২৫ অগস্ট, পূর্ণ করল এক দশক।

UPI-এর দশ বছর পূর্তিতে পরিষেবাটিকে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে বড় পরিবর্তনের অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সমাজমাধ্যমে তিনি UPI-এর ব্যাপক প্রসারের কথা উল্লেখ করে ভারতীয়দের জন্য এটিকে গর্বের বিষয় বলেও উল্লেখ করেছেন। একই সঙ্গে, দৈনন্দিন জীবনে UPI ব্যবহারের অভিজ্ঞতা সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৬ সালের ২৫ অগস্ট NPCI-এর উদ্যোগে এবং RBI-এর নিয়ন্ত্রক তত্ত্বাবধানে দেশে আনুষ্ঠানিক ভাবে UPI পরিষেবা চালু হয়। এরপর ধীরে ধীরে দেশের ডিজিটাল লেনদেনের ছবিটাই বদলে যেতে শুরু করে। বিশেষ করে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে UPI পৌঁছে যায় শহর থেকে মফস্‌সল, বড় ব্যবসা থেকে ছোট দোকানেও।

পরিসংখ্যানেও সেই পরিবর্তনের ছবি স্পষ্ট। ২০১৬-১৭ অর্থবর্ষে দেশে UPI-এর মাধ্যমে লেনদেনের সংখ্যা ছিল প্রায় ১.৭৮ কোটি। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪,১৬২ কোটিরও বেশি। অর্থাৎ এক দশকের ব্যবধানে লেনদেনের পরিমাণে এসেছে বিপুল বৃদ্ধি।

শুধু লেনদেনের সংখ্যা নয়, টাকার অঙ্কেও হয়েছে বড় পরিবর্তন। ২০১৬-১৭ অর্থবর্ষে UPI-এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ০.০৭ লক্ষ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই অঙ্ক বেড়ে হয়েছে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা।

এক দশকের এই যাত্রায় UPI শুধু টাকা পাঠানো বা নেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। দোকানে QR কোড স্ক্যান করে বিল মেটানো, বন্ধু বা পরিবারের সদস্যকে টাকা পাঠানো কিংবা বিভিন্ন পরিষেবার মূল্য পরিশোধ—নগদহীন লেনদেনের অভ্যাসকে আরও সহজ করে তুলেছে এই ব্যবস্থা।

ফলে দশ বছর পূর্তিতে UPI-এর সাফল্যকে দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখছে কেন্দ্র। আগামী দিনে এই পরিষেবা কী ভাবে আরও বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved