Homeকলকাতাট্যাক্স জমা থেকে বার্থ-ডেথ সার্টিফিকেট—সব বন্ধ! অচল কলকাতা পুরসভার অনলাইন পরিষেবা

ট্যাক্স জমা থেকে বার্থ-ডেথ সার্টিফিকেট—সব বন্ধ! অচল কলকাতা পুরসভার অনলাইন পরিষেবা

resizeplus_WhatsApp Image 2026-10-02 at 6.37.27 PM

নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার অনলাইন পরিষেবায় বড়সড় বিপর্যয়। কেন্দ্রীয় সার্ভারে কারিগরি সমস্যার জেরে আজ সকাল থেকেই ব্যাহত একাধিক গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা। সম্পত্তি কর জমা দেওয়া থেকে শুরু করে মিউটেশন এবং জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত অনলাইন পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ।

জানা গিয়েছে, ভোরের দিকে পুরসভার কেন্দ্রীয় ডেটাসেন্টারে মূল সার্ভার এবং নেটওয়ার্ক গেটওয়েতে সমস্যা দেখা দেয়। এর পরেই পুরসভার অনলাইন পোর্টালের একাধিক পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে।

এর জেরে অনলাইনে প্রপার্টি ট্যাক্স জমা দেওয়া, বাড়ি বা ফ্ল্যাটের মিউটেশন সংক্রান্ত কাজ এবং জন্ম-মৃত্যু শংসাপত্র ডাউনলোডের মতো পরিষেবা নিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। উৎসবের মরসুমে জরুরি নথির কাজ করতে গিয়ে অনেকেই সাইবার ক্যাফে বা কম্পিউটার পরিষেবা কেন্দ্রে গিয়ে সমস্যার মুখে পড়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে পুরসভার তথ্যপ্রযুক্তি বিভাগের ইঞ্জিনিয়াররা দ্রুত মেরামতের কাজে নেমেছেন। ব্যাকআপ ব্যবস্থা ব্যবহার করে সার্ভার এবং ডেটাবেস পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে পুরসভা সূত্রে খবর।

পুর প্রশাসনের দাবি, সার্ভারের সমস্যার কারণে পরিষেবা ব্যাহত হলেও কোনও তথ্য বা নাগরিকের ডেটা নষ্ট হয়নি। যত দ্রুত সম্ভব অনলাইন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে ঠিক কখন পুরসভার অনলাইন পোর্টাল পুরোপুরি সচল হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। ফলে জরুরি নাগরিক পরিষেবা নিতে আসা মানুষের ভোগান্তি আপাতত অব্যাহত।

পুরসভার সার্ভার কখন স্বাভাবিক হয়, সেদিকেই এখন নজর নাগরিকদের।

No Comments

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved