Homeজেলাচলন্ত ট্রেন থেকে পড়ে জখম তরুণী, সরডিহায় উদ্ধার জিআরপির

চলন্ত ট্রেন থেকে পড়ে জখম তরুণী, সরডিহায় উদ্ধার জিআরপির

_2026-10-04_sojpa8z7_train

নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হলেন ২১ বছরের এক তরুণী। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের সরডিহা রেল স্টেশন সংলগ্ন রাজবাঁধ এলাকায় রেললাইনের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম জিআরপি। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, আহত তরুণীর নাম জ্যোতি কুমারী। তাঁর বাড়ি বিহারের পাটনায়। তিনি ভুবনেশ্বরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। শারীরিক অসুস্থতার কারণে পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, বিহারের গয়া স্টেশনে নেমে সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে পাটনার বাড়িতে ফেরার কথা ছিল জ্যোতির। কিন্তু তার আগেই ঝাড়গ্রামের সরডিহা স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন তিনি। কী ভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলেন, তা নিয়ে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জ্যোতির দাদা সতীশ কুমার জানিয়েছেন, অসুস্থতার কারণেই তাঁর বোন বাড়ি ফিরছিলেন। তাঁর বক্তব্য, সকালে ঘুম থেকে উঠে কোনও কারণে জ্যোতি ট্রেনের দরজার কাছে চলে যান। সেই সময় ট্রেনের ঝাঁকুনিতে তিনি নীচে ছিটকে পড়ে থাকতে পারেন বলে পরিবারের অনুমান। তবে ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

পরিবারের সঙ্গে জ্যোতির কথা হয়েছে বলেও জানিয়েছেন তাঁর দাদা। সতীশের দাবি, বোনের শরীরে বড় কোনও আঘাতের চিহ্ন নেই। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের তরফে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রেললাইনের পাশে অচেতন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে খবর দেন। এরপর জিআরপি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনাটি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved